সড়ক সংস্কারের দাবিতে ৪৪ কিমি হাঁটলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং পিএবি ও আনোয়ারা-চন্দনাইশ সড়ক সংস্কারের দাবিতে ৪৪ কিলোমিটার হেঁটেছেন শিবলি সাদিক (৩৮) নামের এক ব্যক্তি।
শিবলি সাদিক গতকাল শনিবার চন্দনাইশের বরমা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব পর্যন্ত হেঁটে যান। এ সময় তিনি যানবাহনে যাত্রী হয়রানি বন্ধ এবং যৌতুক ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্র বিলি করেন।
সওজ ও বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, চন্দনাইশের বরমা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের দূরত্ব ৪৪ কিলোমিটারের মতো।
শিবলি সাদিক বলেন, গতকাল সকাল আটটার দিকে তিনি চন্দনাইশের বরমা গ্রামের ধামাইরহাট থেকে হেঁটে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে আটটার দিকে তিনি গন্তব্যে পৌঁছান। বরমার বাসিন্দা মো. নূর হোসেন (৩৭) কর্মসূচিতে তাঁকে সহযোগিতা করেন।
আনোয়ারার ওপর দিয়ে যাওয়ার সময় আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ও গ্রিনভিউ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা তাঁর কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
শিবলি সাদিক প্রথম আলোকে বলেন, বেহাল সড়কের কারণে আট মাস ধরে দক্ষিণ চট্টগ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। তাই এসব সড়ক সংস্কারের দাবিতে তিনি পদযাত্রা করছেন।
শিবলি চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ-এ প্রতিবেদক হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি চন্দনাইশের বরমা এলাকায়।