সড়ক সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটুমিন ও ঢালাই উঠে যাওয়া অমসৃণ বেড়িবাঁধ সড়ক। ছবিটি সড়কের মিটফোর্ড হাসপাতাল  সংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা ।  প্রথম আলো
বিটুমিন ও ঢালাই উঠে যাওয়া অমসৃণ বেড়িবাঁধ সড়ক। ছবিটি সড়কের মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা । প্রথম আলো

পরিবহন মালিকদের আন্দোলনের ছয় মাস পরও পুরান ঢাকার বেড়িবাঁধ (বাবুবাজার-আমিনবাজার) সড়কটি সংস্কার করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই চলছে যাত্রীবাহী পরিবহন। অথচ পুরান ঢাকাসহ রাজধানীর জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
পরিবহন মালিকদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সঠিক তদারকির অভাবে সড়কটি সংস্কার করা হচ্ছে না। অথচ মাস ছয়েক আগে আন্দোলনের সময় সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা যায়, পুরান ঢাকার বেড়িবাঁধ সড়ক সংস্কারের দাবিতে গত বছরের সেপ্টেম্বর আট দিন সব ধরনের যাত্রীবাহী যানবাহন ( ব্রাদার্স পরিবহন, যানযাবিল ও লেগুনা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পরিবহন মালিকেরা। পরে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের আশ্বাস দিলে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু প্রতিশ্রুতির ছয় মাস পরও তা বাস্তবায়ন করা হয়নি। শুধু সড়কে নামমাত্র ইট-পাথর রাখা হয়েছে।
এ ছাড়া সড়কটি সংস্কার না করায় পুরান ঢাকার প্রধান বাণিজ্যকেন্দ্র শ্যামবাজার, সদরঘাট, বাদামতলী বাজার, বাবুবাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে কেনাবেচায় ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক আগেই প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ নিয়ে জটিলতা থাকায় তা করা সম্ভব হয়নি। তাই জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ খাত থেকে কাজ সম্পন্ন করার পরিকল্পনা আছে।’
খোঁজ নিয়ে জানা যায়, বন্যা থেকে রাজধানীকে রক্ষায় ১৯৮৮ সালে পোস্তগোলা থেকে আমিনবাজার পর্যন্ত বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। পরে ১৯৯৪ সালে বেড়িবাঁধের ওপর সড়ক নির্মাণ করে বাবুবাজার থেকে আমিনবাজার পর্যন্ত অংশটি সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। আর পোস্তগোলা থেকে বাদামতলী দেওয়া হয় সিটি করপোরেশনের কাছে।
সরেজমিনে দেখা যায়, বাদামতলী ফলের আড়ত থেকে কেল্লার মোড় পর্যন্ত (প্রায় তিন কিলোমিটার) সড়কটির সবচেয়ে খারাপ অবস্থা। পুরো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কার করতে নামে মাত্র ইট-পাথর রাখা হয়েছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস, লেগুনা ও মালবাহী ট্রাক চলাচল করছে। কিন্তু ধুলাবালির কারণে ওই সড়কে রিকশা বা সাধারণ মানুষ তেমনভাবে চলাচল করছে না।
পরিবহন মালিক সমিতির সভাপতি সুমন আহমেদ বলেন, প্রশাসনের প্রতিশ্রুতির ছয় মাস পরও সংস্কারকাজ সম্পন্ন করা হয়নি। তাই দাবি আদায়ে আবারও আন্দোলনে করবে পরিবহন মালিকেরা।
জানা যায়, সদরঘাট থেকে গাবতলী যাওয়ার বিকল্প পথ হিসেবে পরিচিত ছিল বেড়িবাঁধ সড়ক। সময় কম লাগায় আশপাশের মানুষজন ও ব্যবসায়ীরা সড়কটি ব্যবহার করতেন। এ ছাড়া পুরান ঢাকার শ্যামবাজার, বাদামতলী বাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য এ পথে আনা-নেওয়া করা হতো। কিন্তু সড়কের অবস্থা খারাপ হওয়ায় যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কমে গেছে।
এ ছাড়া নৌপথে যাতায়াতের ক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষকে এ সড়ক ব্যবহার করতে হয়।
চকবাজারের বাসিন্দা আবদুল কাদের জানান, বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি জমে। আর খরার সময় উড়ে ধুলাবালি। এ অবস্থায় ওই পথে চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।