সড়ক সম্প্রসারণে কাটা পড়বে ২৬৭টি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-মুজিবনগর সড়ক চওড়া করতে সরকারি ২৬৭টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। গাছগুলোর দাম প্রায় দেড় কোটি টাকা। জেলা পরিষদের বৃক্ষ অপসারণ কমিটি গাছের সংখ্যা নির্ধারণ করে তা কাটার জন্য সুপারিশ করেছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেহেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান ১৮ ফুট চওড়া মেহেরপুর-মুজিবনগর সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট বাড়ানো হবে। দুই মাস আগে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু এ কাজ করতে সড়কের দুই পাশের কয়েক শ গাছ কাটার কথা প্রকল্প পরিকল্পনার মধ্যে উল্লেখ ছিল না। তা ছাড়া রাস্তা সওজের, অথচ গাছ জেলা পরিষদের। তাই গাছ কাটা হবে নাকি রাখা হবে, এটা জেলা পরিষদের ব্যাপার।জেলা পরিষদের প্রশাসক (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) মিয়াজান আলী দাবি করেন, গাছ না কাটলে রাস্তা বাড়ানো যাবে না। সওজের এমন চিঠি পেয়ে গাছ কাটার সুপারিশপত্র তিনি খুলনা বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। অনুমোদন পেলে গাছ কাটা হবে। এ ব্যাপারে সওজের মেহেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী বলেন, জেলা পরিষদের পরামর্শ মতো তাঁরা গাছ কাটার চিঠি দেন। তবে অনেক জায়গায় শতবর্ষী গাছ না কেটেই রাস্তার উন্নয়ন করা হচ্ছে।জেলা পরিষদের গাছ অপসারণ কমিটির সুপারিশ অনুযায়ী যে ২৬৭টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে ১১৮টি মেহগনি, ৩৩টি বাবলা, ১৬টি কড়ইসহ শতাধিক আম, জাম, কাঁঠাল ও নিমগাছ রয়েছে। তবে ওই সুপারিশে কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ মুজিবনগর কমপ্লেক্স এলাকার তিনটি গাছ কাটার বিষয়ে আপত্তি জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের গাছ অপসারণ কমিটির এক সদস্য জানান, চাপের মুখে তাঁরা গাছ কাটার সুপারিশ করতে বাধ্য হয়েছেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) আলমগীর হোসেন জানান, রাস্তা চওড়া করতে এতগুলো গাছ কাটার উদ্যোগ খুবই কষ্টের। এখন তালিকাভুক্ত গাছের মূল্য নির্ধারণের কাজ চলছে। এরপর বিভাগীয় কমিশনার অনুমতি দিলে দরপত্র আহ্বান করা হবে। তারপর গাছগুলো কাটা হবে।