সড়ক সুরক্ষায় আরও ১১টি থানা স্থাপনের প্রস্তাব
উত্তরাঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক সুরক্ষায় হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। জনবল ও পরিবহনসংকটের কারণে মহাসড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বগুড়া হাইওয়ে থানা পুলিশ। এ অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উত্তরাঞ্চলের অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নতুন ১১টি হাইওয়ে থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
তবে নতুন ১১টি থানার প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ হিলি স্থলবন্দর-জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে থানা স্থাপনের বিষয়টি রাখা হয়নি।
হাইওয়ে পুলিশ যেসব স্থানে থানা স্থাপনের প্রস্তাব করেছে, সেগুলো হলো ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর, ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোরের সিংড়া, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মোস্তফি, ঢাকা-হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহাজাদপুর, দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ, সোনামসজিদ-শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের কানসার্ট ও রাজাবাড়িহাট, গোবিন্দগঞ্জ-হিলি আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া এবং নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাপাইহাট।
হাইওয়ের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার ইসরাইল হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলজুড়ে ১৪টি থানা-ফাঁড়িতে ৪২৭টি পদ রয়েছে। এর মধ্যে জনবল রয়েছে ৪০০ জন। মহাসড়ক সুরক্ষা এবং পুরোপুরি অপরাধ দমনে প্রতিটি থানায় ন্যূনতম ৫০ জন করে মোট ৭০০ জনবল দরকার। ২৫ কিলোমিটার মহাসড়কে নিরাপত্তার জন্য একটি করে থানা স্থাপনের নিয়ম থাকলেও বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশকে গড়ে এক শ থেকে দেড় শ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তার বিষয়টি দেখতে হচ্ছে।
তিনি আরও জানান, সড়কে টহলের জন্য ১৪টি থানায় কমপক্ষে ৪২টি গাড়ি দরকার। বর্তমানে গাড়ি আছে মাত্র ১৬টি। জনবল ও গাড়িসংকটের কারণে হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এ জন্য নতুন করে আরও ১১টি হাইওয়ে থানা স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, বগুড়া হাইওয়ের অধীনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক সুরক্ষায় বর্তমানে ১৪টি থানা-ফাঁড়ি রয়েছে। এগুলো হলো ঢাকা-পঞ্চগড় মহাসড়কের গোবিন্দগঞ্জ, তেঁতুলিয়া, বোদা, চিরিরবন্দর, তারাগঞ্জ, হাতিবান্ধা, বড়দরগা-পীরগঞ্জ, নাটোর-বগুড়া মহাসড়কের কুন্দারহাট, ঢাকা-পাবনা মহাসড়কের হাটিকুমরুল, বনপাড়া, সাঁথিয়া, ঈশ্বরদী এবং ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া ও বানেশ্বর।
বগুড়া হাইওয়ে পুলিশের অধীনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার দীর্ঘ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তায় ৪২৭টি পদের মধ্যে বর্তমানে একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, দুজন সহকারী পুলিশ সুপার, ছয়জন পরিদর্শক, ১৫ জন উপপরিদর্শক, ১২ জন সার্জেন্ট, ৩৯ জন সহকারী উপপরিদর্শক, ৩৭৮ জন কনস্টেবল কর্মরত রয়েছেন। পাঁচজন উপপরিদর্শক এবং আটজন সার্জেন্টের পদ ফাঁকা রয়েছে।
হাইওয়ে পুলিশ আরও জানায়, অপর্যাপ্ত জনবল দিয়ে মহাসড়কে রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না পুলিশ। দীর্ঘ মহাসড়কে প্রায়ই পণ্যবোঝাই ট্রাক ছিনতাই ও সড়কে ডাকাতির ঘটনা ঘটছে। পরিবহনসংকটের কারণে সড়ক দুর্ঘটনাস্থলে পৌঁছাতেও বিলম্ব হচ্ছে।
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণসহ অপরাধ দমনে হাইওয়ে পুলিশকে আরও যুগোপযোগী করা দরকার। এ জন্য নতুন থানা স্থাপন করে হাইওয়ে পুলিশে জনবল বাড়ানো প্রয়োজন। রাত্রিকালীন টহল বাড়ানোর জন্য আরও গাড়ি দরকার।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, হিলি-জয়পুরহাট-ঢাকা রুটে প্রতিদিন নৈশকোচ চলাচলের পাশাপাশি স্থলবন্দর থেকে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক নিরাপত্তা-ঝুঁকি নিয়ে চলাচল করছে। মালিক-শ্রমিকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই আঞ্চলিক মহাসড়কে নৈশকালীন টহল ও হাইওয়ে থানা স্থাপনের দাবি জানানো হচ্ছে।