সড়ক-সেতু উঁচু-নিচু করার সিদ্ধান্ত নিতেই নয় বছর
ময়মনসিংহের কেওয়াটখালীতে রেলওয়ের উড়াল সেতুটি উঁচু করা হবে, নাকি ওই স্থানে সড়কের কিছু অংশ নিচু করা হবে—এ সিদ্ধান্ত নিতেই রেলওয়ে এবং সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের লেগে গেছে নয় বছর। অবশেষে সেতুটি উঁচু এবং সড়কের ওই অংশ নিচু করে বাইপাসের কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক-সেতু উঁচু-নিচু করার সিদ্ধান্ত নিতেই যেখানে লেগেছে নয় বছর, সেখানে রেলওয়ে ও সওজের সিদ্ধান্ত অনুমোদন এবং বাজেট পাওয়ার পর কাজ সম্পন্ন করা নিয়ে ময়মনসিংহবাসীর শঙ্কা কাটছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ-ভৈরব রেললাইনের কেওয়াটখালীতে উড়াল সেতুর নিচ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ বাইপাসটি নির্মাণ করা হয় ২০০১ সালে। মহাসড়ক থেকে সেতুর উচ্চতা কম হওয়ায় উঁচু বাস ও মালবোঝাই ট্রাক নিচ দিয়ে চলাচল করতে দেওয়া হয় না। তবে অনেক যানবাহন নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ওই অংশ পার হয়। এতে অনেক যানবাহন দুর্ঘটনায় পড়ে। আর ময়মনসিংহ শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়কটি নির্মাণ করা হলেও সেতুটির কারণে তা কোনো কাজে আসছে না। কারণ সেতুর কারণে উঁচু বাস ও মালবোঝাই ট্রাকগুলো শহরের চরপাড়া মোড় হয়ে ঘুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি ব্যবহার করতে হচ্ছে। এতে করে ব্যস্ততম চরপাড়া মোড় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।কেওয়াটখালী রেলওয়ে উড়াল সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুটির নিচের প্রায় ১০০ গজ সড়ক ভেঙে এবড়োখেবড়ো হয়ে আছে। কর্তৃপক্ষ সড়কের মাঝখানে রেলের স্লিপার পুঁতে রেখে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সওজের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কী লেখা আছে তা বোঝা যাচ্ছে না। সেতুর পূর্ব পাড়ের ফেটে যাওয়া পাকা একটি অংশ বিপজ্জনকভাবে কাত হয়ে রয়েছে।সেতু এলাকার নিরাপত্তারক্ষী রাজু আহম্মেদ জানান, সড়ক ও সেতুর তলার মাঝে ফাঁক মাত্র সাড়ে ১১ ফুট। তাই ১০ ফুট ১১ ইঞ্চির অধিক উচ্চতার বাস-ট্রাক এর নিচ দিয়ে চলাচল করতে দেওয়া হয় না। কিন্তু চালকেরা বাধা না মানায় এখানে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সেতুসংলগ্ন দোকানদার হানিফ মিয়া বলেন, সেতুতে গাড়ি ধাক্কা খেয়ে জানমালের ক্ষতি দেখতে দেখতে আর ভালো লাগে না। মালামাল পড়ে গেলে তা কুড়াতে গিয়েও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। হানিফ মিয়ার সঙ্গে কথা বলার সময় শুঁটকিবোঝাই একটি ট্রাক ও ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি ঢাকাগামী বাস সেতুর নিচে আটকে যায়।ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, সেতুটি উঁচু ও বাইপাসের পুরোনো অংশ কেওয়াটখালীর মোড় থেকে চীন মৈত্রী সেতু পর্যন্ত প্রশস্তকরণের দাবি দীর্ঘদিনের। কিন্তু সওজ ও রেলওয়ে কর্তৃপক্ষের গড়িমসি ও রশি টানাটানিতে এ সমস্যার সমাধান হচ্ছে না।সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খায়রুল ইসলাম খান বলেন, গত জুনে একনেকে ময়মনসিংহ শহর বাইপাসের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাড়ে ৩৩ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পেয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পেয়ে চলতি অর্থবছরে ১০ কোটি টাকা বরাদ্দের আবেদন জানানো হয়েছে। রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মকবুল হোসেন জানান, সেতুটি দুই ফুট উঁচু করার বিষয়ে খসড়া বাজেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। বাজেট পেলে কাজ শুরু করা যাবে।