সড়ক সোজা করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রস্তাবিত সাহেববাজার জিরো পয়েন্ট-গৌরহাঙ্গা সড়কটি সরলীকরণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাড়ির মালিকদের বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল রোববার নগরের নিউমার্কেট সড়কে কয়েকটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।সাহেববাজার জিরো পয়েন্ট-গৌরহাঙ্গা সড়ক সরলীকরণ বাস্তবায়ন কমিটি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি মালিক কমিটির উদ্যোগে বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা মানববন্ধন হয়। এ সময় সাহেববাজার জিরো পয়েন্ট-গৌরহাঙ্গা সড়ক সরলীকরণ বাস্তবায়ন কমিটির সভাপতি তাজুল ইসলাম, সদস্য সচিব বদিউজ্জামান চৌধুরী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, সদস্য মঞ্জুরুল হাসান মিঠু, ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি মালিক কমিটির সভাপতি এম এ মাজেদ প্রমুখ বক্তব্য দেন।মানববন্ধন চলাকালে নেতারা বলেন, রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজারের সঙ্গে বিমানবন্দর সড়কটি অতি সরু ও আঁকাবাঁকা। তাই সরু ও বাঁকা রাস্তা বাদ দিয়ে নতুনভাবে প্রশস্ত ও সরল রাস্তা নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আরডিএর সড়কটি বাঁকাই থেকে যাচ্ছে। এতে রাজশাহী মহানগরবাসীর ভোগান্তি আরও বাড়বে এবং তীব্র যানজটের সৃষ্টি হবে। বক্তারা ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিকদের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।আরডিএর চেয়ারম্যান অপূর্ব কুমার বিশ্বাস বলেন, ক্ষতিপূরণের পরিমাণ এখানো নির্ধারণই করা হয়নি। এর জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরডিএর মিলে ক্ষতিপূরণ নির্ধারণ করবে। যে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা যথেষ্ট পরিমাণের চেয়েও বেশি হবে। সড়ক সরলীকরণের ব্যাপারে তিনি বলেন, এই রাস্তা সরলীকরণের সঙ্গে সাহেববাজারের যানজটের কোনো সম্পর্ক নেই।