সড়ক হুমকিতে ফেলে বালু উত্তোলন
খাগড়াছড়ির মানিকছড়ি ও হালদা খাল থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রেজার দিয়ে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন ২৫-৩০টি ট্রাকে এসব বালু পরিবহন করায় এলাকার গাড়ীটোনা-যোগ্যাছোলা সড়কটি হুমকির মুখে পড়েছে। বালু তোলা বন্ধে ওই এলাকায় গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিকছড়ি ও বাটনাতলী ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে মানিকছড়ি খাল ও হালদার উৎপত্তিস্থলের একাংশ থেকে বালু তোলা হচ্ছিল। বর্তমানে মানিকছড়ি ও হালদা খালকে বালুমহাল ঘোষণা করার জন্য স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কারণে এসব স্থান ইজারা দেওয়া হচ্ছে না। এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকার জামাল উদ্দিনসহ একটি চক্র এসব স্থান থেকে বালু তুলছে। প্রতিদিন ২০-২৫টি ট্রাকে করে এ বালু চট্টগ্রামে পাঠানো হচ্ছে।এলাকাবাসী জানান, মানিকছড়ি খালের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল-গোদারপাড়-তিনটহরী এলাকা ও হালদার যোগ্যাছোলা, কালাপানিসহ পাঁচটি অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী আরও জানান, অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল করায় গাড়ীটানা-যোগ্যাছোলা সড়কের সাতমারা কালভার্ট, যোগ্যাছোলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা ভেঙে ও দেবে গেছে।উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচল করায় গাড়ীটানা-যোগ্যাছোলা সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের এসব অংশ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থবরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বালু তোলার ঘটনায় জড়িত জামাল উদ্দিন জানান, তিনি মানিকছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ইজারা নিয়ে বালু তুলছেন।