>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পাকা সড়কগুলো ভাঙাচোরা। কোথাও পিচঢালাই উঠে ইটের খোয়া বেরিয়ে গেছে, কোথাও কোথাও সড়ক দেবে গেছে। ছয় বছরের বেশি সময় ধরে এসব সড়ক সংস্কার করা হচ্ছে না।
শাহরাস্তি পৌরসভা ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট জনসংখ্যা ৬১ হাজার ৫৬০ জন। ২০১৩ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, তিনি ছয় বছর ধরে এই পৌরসভায় আছেন। তাঁর আমলে পৌরসভার কোনো পাকা সড়ক মেরামত করা হয়নি। বিশ্বব্যাংকের ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বরাদ্দ এলে সড়কগুলোর কাজ শুরু হবে।
পৌরসভা কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পৌরসভার পাকা সড়কের পরিমাণ ৪২ দশমিক ৬০ কিলোমিটার। প্রধান ১৫টি সড়ক ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সব সড়কের পিচঢালাই উঠে ইটের খোয়া বেরিয়ে আসছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ দেবে গেছে। কয়েকটি স্থানে কয়েক ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
সড়কগুলো হলো কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেহের স্টেশন সংযোগ সড়ক, শাহরাস্তি গেট থেকে সেনগাঁও, কালিয়াপাড়া বাজার থেকে সুয়াপাড়া গ্রাম সংযোগ সড়ক, শাহাপুর-নাওড়া করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ সড়ক, ঠাকুরবাজার-নাওড়া, ঠাকুরবাজার-উপলতা, ঠাকুরবাজার-কাজিরকাপ সড়ক, কাজিরকাপ-শাহরাস্তি বহুমুখী উচ্চবিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-ঘোষপাড়া সংযোগ সড়ক, পৌরসভা কার্যালয় থেকে দাইমুদ্দিন মার্কেট, জুমাবাড়ি-অদুদ খান মাদ্রাসার সংযোগ সড়ক, মেহের কালীবাড়ি-ছিখটিয়া, দোয়াভাঙ্গা ফিলিং স্টেশন-সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, ঠাকুরবাজার-ভাটুনিখোলা ও কালীবাড়ি-নোয়াগাঁও সড়ক।
৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামের বাসিন্দা সবুজ হোসেন বলেন, তাঁর এলাকার পাকা সড়কগুলোর পিচঢালাই উঠে গেছে। এলাকায় কোনো যানবাহন আসতে চায় না। সড়কে চলাচলের সময় ধুলাবালু উড়তে থাকে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় সাংবাদিক মইনুল ইসলাম বলেন, পৌরসভার রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী। একটি প্রথম শ্রেণির পৌরসভায় ইউনিয়ন পর্যায়ের সুবিধাও পাওয়া যায় না।
পৌর মেয়র হাজি আবদুল লতিফ বলেন, পৌরসভার উন্নয়নের জন্য যেসব তহবিল থাকার কথা, এখানে সেই সুবিধা নেই। পৌরবাসীর কাছ থেকে আদায় করা কর দিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন চালানো সম্ভব হয় না। পৌরসভা বিশ্বব্যাংকের কয়েকটি প্রকল্পের আওতায় সড়কগুলো মেরামত করার চেষ্টা করছে।