সড়কগুলোর নাজুক অবস্থা, মেয়রের যোগ্যতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দিনাজপুর পৌর এলাকার বেশির ভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি বরাদ্দ না পাওয়ার কারণে রাস্তাগুলো সংস্কার করা যাচ্ছে না বলে মেয়র দাবি করেছেন।
তবে পৌরসভার সাবেক মেয়র ও পৌর পরিষদের একাধিক কাউন্সিলর অভিযোগ করেন, বর্তমান মেয়রের অদক্ষতা ও অযোগ্যতার কারণে দাতাগোষ্ঠী দিনাজপুর পৌরসভা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বিভিন্ন সময়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক এবং একাধিক লেন ঘুরে নাজুক অবস্থা চোখে পড়েছে। শহরের লিলি সিনেমার মোড় থেকে পশ্চিমে পুনর্ভবা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু পর্যন্ত সড়কের বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন বলেন, দিনাজপুর থেকে বিরল, কাহারোল, বোচাগঞ্জ এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, হরিপুর ও রানীশংকৈল উপজেলার সঙ্গে প্রধান সংযোগ সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শহরের সবচেয়ে ব্যস্ততম স্থান বাহাদুর বাজার মোড়। সেখানে সৃষ্টি হয়েছে বহু গর্তের। বৃষ্টির সময় মোড় পার হতে গিয়ে যানবাহনের চাকা থেকে ছিটকে আসা পানিতে প্রায়ই পথচারীদের পোশাক নষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এদিকে পৌর শহরের ষষ্ঠীতলা, ঘাসিপাড়া, ক্ষেত্রীপাড়া ছয় রাস্তা, চারুবাবুর মোড়, রামনগর, লালবাগ, সুইহারী, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, ফরিদপুর গোরস্থান মোড়সহ পৌর এলাকার বেশির ভাগ রাস্তাই সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে শহরের বটতলী থেকে রাজবাটি হয়ে কাঁটাপাড়া পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, বর্তমান মেয়রের আমলে পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের নাজুক অবস্থার কারণে এলাকাবাসীর কাছে মুখ দেখানো যায় না।
দিনাজপুর পৌরসভার কর্মকর্তা সূত্রে জানা গেছে, পৌরসভার মোট রাস্তার পরিমাণ ১৭৪ দশমিক ৬৭ কিলোমিটার। এর মধ্যে ১২২ কিলোমিটার পাকা আর ৪৫ দশমিক ৬৫ কিলোমিটার কাঁচা। ১ দশমিক ২ কিলোমিটার কংক্রিটের (আরসিসি) এবং ছয় কিলোমিটার ইট বিছানো। তিন বছর ধরে এসব রাস্তায় কোনো সংস্কারকাজ করা হয়নি। আর এ কারণে বেশির ভাগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
পৌরসভার কয়েকজন কাউন্সিলর জানান, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হকের সময় চারটি দাতা সংস্থার সমন্বয়ে গঠিত ইউজিপ প্রকল্প-১-এর অন্তর্ভুক্ত হয়েছিল দিনাজপুর পৌরসভা। ওই প্রকল্পের আওতায় পৌরসভাকে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থ দিয়ে দারিদ্র্য বিমোচন, রাস্তা, নালা ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। সফলভাবে ওই কাজ শেষ হলে দাতারা দ্বিতীয় পর্যায়ে আরও ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়। দ্বিতীয় দফার ওই কাজ সফলভাবে শেষ করতে পারলে দিনাজপুর পৌরসভাকে আরও ৭৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দাতারা।
কিন্তু গত পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র নির্বািচত হন। তিনি দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ইউজিপ-২ প্রকল্পের কাজে দুর্নীতি, অনিয়ম ও অদক্ষতার অভিযোগে দাতারা কাজ বন্ধ করে ২৫ কোটি টাকার সাহায্য ফিরিয়ে নেয়। এরপর বর্তমান পৌর মেয়র দিনাজপুর পৌরসভার উন্নয়নে সরকারি বা কোনো দাতা সংস্থা থেকে সাহায্য আনতে পারেননি বলে পৌরসভার কর্মকর্তারা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র জাহাঙ্গীর আলম ও বিএনপি-সমর্থিত একাধিক কাউন্সিলর দাবি করে বলেন, পৌর পরিষদের বেশির ভাগ সদস্য বিএনপি-সমর্থিত হওয়ায় সরকার ও দাতাগোষ্ঠীর কাছে অনেক আবেদন-নিবেদন করেও সাড়া পাওয়া যায়নি। তার পরও পৌরসভায় বছরে ৬০ থেকে ৭০ লাখ টাকার উন্নয়নকাজ হচ্ছে।
তবে মেয়র ও বিএনপি-সমর্থিত কাউন্সিলরদের দাবি নাকচ করে দিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল হাবীব বলেন, দেশে শতাধিক পৌরসভায় বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তরিকুল ইসলাম বিএনপি থেকে নির্বাচিত। ইউজিপ-২ প্রকল্পের কাজ সফলভাবে শেষ করায় দাতারা তৃতীয় পর্যায়ে ওই পৌরসভাকে ৭০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প দিয়েছে। জেলার হাকিমপুর পৌরসভার বিএনপি-সমর্থিত মেয়র মো. সাখাওয়াত হোসেন তাঁর পৌরসভার উন্নয়নের জন্য বর্তমান সরকারের আমলে নগর উন্নয়ন তহবিল থেকে ৫৫ লাখ টাকা পেয়েছেন। বীরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত-সমর্থিত মো. হানিফ তাঁর পৌরসভার জন্য জাপান-আন্তর্জাতিক সাহায্য সংস্থা (জাইকা) থেকে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পেয়েছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ বলেন, বিএনপির মেয়র হওয়ার কারণে যেমন সরকারি সহযোগিতার ঘাটতি রয়েছে, একই সঙ্গে সরকারি সহযোগিতা আদায়ের ক্ষেত্রেও দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়রের যোগ্যতার অভাব রয়েছে।
পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হক বলেন, দেশি-বিদেশি দাতা সংস্থা কখনো দলীয় বিবেচনায় পৌরসভার উন্নয়ন প্রকল্প দেয় না। স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করতে হয়। দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়র সেই আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।