সড়কজুড়ে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা বন্দরে সহজে যাতায়াতের জন্য ২০০০ সালে শরীয়তপুর-চাঁদপুরের ওপর দিয়ে একটি আঞ্চলিক মহাসড়ক চালু করা হয়। এ পথে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ ও শরীয়তপুর-চাঁদপুরের মেঘনা নদীতে ফেরিসংকট রয়েছে। এক লেনবিশিষ্ট মহাসড়কটি ১৮ ফুট চওড়া হওয়ার কথা থাকলেও শরীয়তপুর অংশে এটি ১২ থেকে ১৫ ফুট চওড়া।এ পথে মাদারীপুর থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ পর্যন্ত আট কিলোমিটার খানাখন্দে ভরা ও ভাঙা। শরীয়তপুরের আংগারিয়া, টেকেরহাট ও খেয়াজপুরে কীর্তিনাশা নদীর ওপর তিনটি এবং ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার ও গাজীপুরে দুটি বেইলি সেতু আছে। এগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, মংলা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কটি মাদারীপুর শহর থেকে শরীয়তপুর হয়ে চাঁদপুরের মেঘনা নদীর ফেরিঘাট পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার পণ্য ও যাত্রীবাহী যান চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় যাতায়াত করে। এ অঞ্চলের ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন করতে পারায় অল্প দিনের মধ্যেই সড়কটি জনপ্রিয়তা পায়। এটি চালু হওয়ার পর আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে দুটি করে ফেরি চলাচল করত। কিন্তু বর্তমানে চলছে একটি করে ফেরি। এতে সব যানবাহনকে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে মেঘনা নদীতে চর পড়ায় সব ফেরিকে অতিরিক্ত ১৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।মাদারীপুর শহর থেকে খোয়াজপুর পর্যন্ত সড়কটির তিন কিলোমিটার খানাখন্দে ভরা। আড়িয়াল খাঁ নদের ভাঙনের কারণে সড়কের মহিষের চর এলাকা দিয়ে এক কিলোমিটার জায়গা হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। সড়কটিতে শরীয়তপুর সদর উপজেলার খোয়াজপুর থেকে ভেদরগঞ্জ পর্যন্ত পাঁচ কিলোমিটার খানাখন্দে ভরা ও ভাঙা। বুড়ির হাট থেকে মির্জাপুর পর্যন্ত তিন কিলোমিটার যান চলাচলের অনুপোযোগী।শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা জানান, সংস্কার ও সেতু মেরামতের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প-প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ করা যাবে।