সড়কজুড়ে খানাখন্দ, ভোগান্তিতে যাত্রীরা
রাজবাড়ী-জৈকুড়া ফেরিঘাট সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থান দেবে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এমন করুণ অবস্থা হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগমারা মোড় থেকে জৈকুড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে উত্তরবঙ্গের পাবনা, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। এসব যানবাহনে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করে। খানাখন্দকের কারণে উচু-নিচু হয়ে যাওয়ায় এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়ি, বাসসহ নানা ধরনের যানবাহনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। এতে যাত্রীদের শরীর ব্যথা হয়ে যায়। এ ছাড়া প্রায়ই সড়কে সৃষ্টি হওয়া খানাখন্দে গাড়ি আটকে যাচ্ছে। ঘটছে দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, সড়কের বেশির ভাগ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে খানাখন্দের কারণে একটি গাড়ি দাঁড় করিয়ে রেখে অন্য গাড়ি চলাচলের সুযোগ করে দিতে হয়। বৃষ্টি হওয়ায় সড়কের কয়েকটি স্থান ধসে পড়েছে।স্কুলশিক্ষক সাইয়েদুল বাশার জানান, এ সড়ক দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অনেক দিন সংস্কার না করায় এ সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা জরুরি। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অটোরিকশাচালক রশিদ বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। এ কারণে ২০ মিনিটের সড়ক অতিক্রম করতে ৪০ থেকে ৫০ মিনিট লাগছে। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশও নষ্ট হচ্ছে।স্থানীয় দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, রাজবাড়ীর সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এ সড়ক। বর্তমানে এটির অবস্থা খুবই খারাপ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই তারা কাজ শুরু করবে।ঠিকাদারি প্রতিষ্ঠানটির রাজবাড়ী এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান শরিফ বলেন, ‘বৃষ্টির জন্য আমরা সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারিনি। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করা হবে।’