দীর্ঘদিন সংস্কার না করায় শেরপুর পৌরসভার অধিকাংশ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের দুরবস্থার কারণে পৌরসভার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শেরপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মুন্সীবাজার শহীদ বুলবুল সড়ক (টাউন হল মোড়) থেকে গোপালবাড়ী, সাতআনীপাড়া হয়ে সজবরখিলা মোড় পর্যন্ত সড়ক; পৌর ট্রাক টার্মিনাল থেকে শীতলপুর, ঢাকলহাটী, দিঘারপাড় হয়ে নওহাটা পর্যন্ত সড়ক; নয়আনী বাজার কালীবাড়ী মোড় থেকে কলাহাটি হয়ে খরমপুর মোড় পর্যন্ত সড়ক এবং অষ্টমীতলা পুলিশ লাইন থেকে নবীনগর হাজির দোকান মোড় হয়ে রাজবল্লভপুর পর্যন্ত সড়কের অবস্থা করুণ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পিচঢালাই উঠে গিয়ে এসব সড়কের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, এই সড়কগুলো পাঁচ থেকে সাত বছর আগে সংস্কার করেছে পৌরসভা। এরপর আর সংস্কার না করায় সড়কগুলোর বিভিন্ন স্থান ভেঙে গেছে।
শেরপুর পৌর শহরের দীঘারপাড় এলাকার মো. হুমায়ুন বলেন, পৌর কর বেড়েছে। কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। খারাপ রাস্তায় রিকশাভাড়া গুনতে হয় দ্বিগুণ। রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ।
পূর্বশেরী এলাকার বাসিন্দা মো. আওরঙ্গজেব বলেন, নবীনগর-পুলিশ লাইন সড়কের পূর্বশেরী অংশে কোনো ধরনের কাজ করা হয়নি। ফলে এলাকাবাসী এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
শেরপুর জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক মো. জহুরুল হক বলেন, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মুমূর্ষু রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে।
শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, পত্রিকায় খবর প্রকাশের পর বেশ কয়েকটি সড়কে সংস্কারকাজ শুরু হয়েছে। এগুলো হচ্ছে রঘুনাথ বাজার থানা মোড় থেকে মাধবপুর, খরমপুর, চাপাতলী গোরস্তান হয়ে জেলা পরিষদ মোড় পর্যন্ত সড়ক, তিনআনী বাজার কলেজ মোড় থেকে ডিসি অফিস গেট ও বটতলা হয়ে শেখহাটি বাজার পর্যন্ত সড়ক, নিউমার্কেট মোড় থেকে পুরাতন গরুহাটী মোড় হয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত সড়ক, খরমপুর মোড় থেকে শিংপাড়া ধোপাবাড়ি হয়ে মধ্যশেরী সওজ পর্যন্ত সড়ক, কসবা কামরুল সার্ভেয়ারের বাড়ি থেকে কসবা ভাটিপাড়া কালভার্ট পর্যন্ত সড়ক, কসবা বারবাইত মসজিদ থেকে চরশেরপুর বিসি রোড পর্যন্ত সড়ক এবং সজবরখিলা মোড় থেকে সাতানীপাড়া মোড় পর্যন্ত সড়ক। সংস্কারকাজ অতিসম্প্রতি শুরু করা হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের-৩ আওতায় ইতিমধ্যে শহরের কয়েকটি সড়কের উন্নয়নকাজ শুরু করা হয়েছে। শিগগিরই অন্যান্য সড়কের কাজ শুরু করা হবে।