সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে সড়ক ও মহাসড়কের যে কী করুণ দশা, তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া থেকে ইউনিক পর্যন্ত অংশ ঘুরলেই বোঝা যাবে। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কের এই অংশটুকু যেন মরণফাঁদ।’ এ কথাগুলো আশুলিয়ার একটি পোশাক কারখানার এক কর্মকর্তার।
গত রোববার দুপুরে ঢাকার উত্তরা থেকে আশুলিয়া আসার পথে বাইপাইল এলাকায় এই প্রতিবেদককে কথাগুলো বলেন শরীফুল ইসলাম। তিনি প্রতিদিন ব্যক্তিগত গাড়িতে কর্মস্থলে যাতায়াত করতেন। কিন্তু পানির কারণে এখন যাতায়াত করেন বাসে। তাঁর সঙ্গে এ পথে এগোতেই প্রমাণ পাওয়া গেল কথাগুলোর। দুই পাশে উঁচু জায়গায় দোকানপাট ও পোশাক কারখানা আর মাঝে সড়কের ওপর কোথাও হাঁটু আবার কোথাও কোমরপানি। এর মধ্য দিয়ে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে আছে দুটি বাস ও ছোট গাড়ি। বিকল হয়ে পড়া এ দুটি যানবাহনের উভয় পাশে আটকে আছে শত শত যানবাহন। অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিক ও থানা পুলিশের কয়েকজন সদস্য।
সড়কে দুর্ভোগের চিত্র দেখতে একটি হিউম্যান হলারে (যানবাহন) করে গত রোববার ইউনিক থেকে জামগড়া পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে এই প্রতিবেদকের সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সাধারণত এটুকু সড়ক পাঁচ থেকে ছয় মিনিটেই পার হওয়া সম্ভব।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কল্যাণপুর উপবিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সাত কোটি টাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত ১৮ কিলোমিটার সংস্কার করা হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই জামগড়া থেকে ইউনিক পর্যন্ত অংশ খানাখন্দে ভরে যায়। বর্তমানে ওই অংশে ছোট-বড় কয়েক শ গর্তের সৃষ্টি হয়েছে।
সওজের কল্যাণপুর উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আদম আলী বলেন, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া থেকে ইউনিক পর্যন্ত অংশের দুই পাশ উঁচু। সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়। পানির ওপর দিয়ে ক্রমাগত যানবাহন চলার কারণে সেখানে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। ১৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর মিরপুরের মাজার রোডসহ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে নবীনগর পর্যন্ত সড়কের সংস্কারকাজ চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। ঈদুল ফিতরের আগেই এ সড়কের সংস্কারকাজ শেষ হবে।