সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগের শেষ নেই
কিশোরগঞ্জ শহর থেকে নীলগঞ্জ বাজারের দূরত্ব ১০ কিলোমিটার। তিন জেলার মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। সড়কজুড়ে খানাখন্দ। ফলে তিন জেলার অর্ধ লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহান। সড়ক ভাঙাচোরা থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-নীলগঞ্জ সড়কটি দিয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল, করিমগঞ্জ, ইটনা ও সদর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার লোকজন ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার লোকজন চলাচল করেন। নীলগঞ্জ বাজার ভাটি অঞ্চলের নদীপথের গুরুত্বপূর্ণ স্থান। এ কারণে বিভিন্ন উপজেলা থেকে নদীপথে নৌযানে প্রচুর মালামাল আসে এই নবীগঞ্জ বাজারের ঘাটে। এসব মালামাল ট্রাক বা অন্যান্য যানবাহনে এই সড়ক দিয়ে কিশোরগঞ্জ জেলা শহরে নেওয়া হয়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা এ সড়ক দিয়ে মালবোঝাই ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ড ভ্যানসহ নানা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়ক উঁচুনিচু হওয়ায় প্রায়ই মালবোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহন বিকল হয়ে পড়ে বলে জানায় এলাকার অন্তত চারজন বাসিন্দা।
নান্দাইল উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, তিনি রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে এই সড়ক দিয়ে চলাচল করেন। পাঁচ বছর ধরে সড়কটি দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। ১০ কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকার বাসিন্দা আমিন সাদি বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে তিন জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ কিশোরগঞ্জ জেলা শহরে আসা-যাওয়া করেন। সড়কের বেশির ভাগ স্থানের পিচঢালাই উঠে বেহাল হয়ে পড়েছে। কোথাও মাঝখানে বড় বড় গর্ত।
এই সড়ক দিয়ে প্রতিদিন ইজিবাইক চালান মানিক মিয়া। তিনি বলেন, সড়কটির কোথাও এমন জায়গাও নেই যে জায়গা দিয়ে ইজিবাইক সোজা হয়ে চলে। প্রায়ই গর্তের মধ্যে পড়ে ইজিবাইক উল্টে দুর্ঘটনাও ঘটে। যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সময়ও লাগছে দ্বিগুণ।
স্থানীয় সরকার অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা বলেন, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরতলির কলাপাড়া এলাকা থেকে সদর উপজেলার শেষ সীমানা নীলগঞ্জ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক খারাপ অবস্থায় আছে। সম্প্রতি এই অংশ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।