সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগে যাত্রীরা

দীর্ঘদিন সংস্কার না করায় বাঞ্ছারামপুর-মুরাদনগর আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর অংশে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এ সময় এসব গর্তে প্রতিদিন গাড়ি আটকে যায়। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় দ্রুত সড়কের এই অংশ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১৬ কিলোমিটার বাঞ্ছারামপুর অংশে পড়েছে।
সড়কের বাঞ্ছারামপুর অংশ দিয়ে বাঞ্ছারামপুর, নবীনগর ও মুরাদনগর উপজেলার তিন লাখ মানুষ ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই সড়কে প্রতিদিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইকসহ শত শত যান চলাচল করে। রূপসদীর দুটি বাজার, দরিকান্দির আনন্দ বাজার, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে ট্রাক ও পিকআপে পণ্য পরিবহন করে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুরের ফতেহপুর মোড় এলাকায় রাস্তায় আড়াআড়িভাবে গর্ত রয়েছে। ফতেহপুর বাজার এলাকায় ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় কয়েকটি গর্ত রয়েছে। রূপসদী গ্রামের খোদাইবাড়ি দাখিল মাদ্রাসার সামনে রাস্তায় প্রায় ১০০ মিটারজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। রূপসদী সাহেববাড়ি মোড়, ফরদাবাদ মধ্যপাড়াসংলগ্ন আলী আহমেদের বাড়ির সামনে, ফরদাবাদ রবির বাজার, ড. রওশন আলম কলেজ মোড় এলাকার শতাধিক স্থানে গর্ত রয়েছে। এসব গর্তে প্রতিদিনই ৪০-৫০টি গাড়ি আটকে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ সড়কে অটোরিকশা চালান জুয়েল মিয়া। তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর থেইক্কা ফরদাবাদ পর্যন্ত যাইতে এক-দেড় শ গর্ত আছে। গর্তের মইদ্দে পইড়া গাড়ির ইঞ্জিন বন্ধ অইয়া যায়।’
রূপসদী গ্রামের পরশ মিয়া বলেন, ‘এক বছর ধইরা রূপসদী এলাকায় রাস্তায় বড় বড় গর্ত অইয়া রইছে। বৃষ্টি অইলে গর্তের মইদ্দে পানি জইমা হাঁটুপানি হইয়া যায়। মাদ্রাসা এলাকায় প্রতিদিন ৫০-৬০টা গাড়ি আটকে যায়।’
রূপসদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া বলেন, ‘রাস্তা এতই ভাঙাচোরা যে মানুষ আমাদের গালিগালাজ করে। আমি সওজের কর্মকর্তাদের কয়েকবার রাস্তাডা সংস্কার করতে বলেছি। কিন্তু তারা আমার কোনো কথাই শুনছেনা। আমরা চাই ঈদের আগেই রাস্তাডা চলাচলের উপযোগী করে সংস্কার করা হোক।’
সওজের বাঞ্ছারামপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফায়জুর রহমান বলেন, ‘বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের বেশ কিছু জায়গায় গর্ত রয়েছে। আমরা চেয়েছিলাম ঈদের আগেই রাস্তার এসব স্থানে মেরামত করতে। কিন্তু বরাদ্দ না থাকায় মেরামতের কাজ করা যাচ্ছে না।’