সড়কজুড়ে খানাখন্দ, বাস চলাচল বন্ধ

হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে কুমিল্লার গৌরীপুর পর্যন্ত এক বছর ধরে যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সংস্কার না করায় এই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে শুধু অটোরিকশা চলছে; তাও ঝুঁকি নিয়ে। সড়কটির এই দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হাজীগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সড়কের দৈর্ঘ্য ৪২ কিলোমিটার। এর মধ্যে চাঁদপুর অংশে পড়েছে ৩২ কিলোমিটার। এই ৩২ কিলোমিটার সড়কের ২০ কিলোমিটারই খানাখন্দে ভরা।
সরজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ বাজার থেকে পাতানিশ গ্রাম পর্যন্ত ছয় কিলোমিটার এবং কচুয়ার পূর্ব কালচোঁ গ্রাম থেকে বায়েকের মোড় পর্যন্ত ১৪ কিলোমিটারে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই অংশে শুধু অটোরিকশা ও মোটরসাইকেলে মানুষ চলাচল করছে।
চাঁদপুর সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের ওই ২০ কিলোমিটার অংশ সওজ কর্তৃপক্ষ ইট, বালু ও সুরকি দিয়ে মেরামত করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করছে। তবে বৃষ্টির কারণে তাদের মেরামতকাজ টেকসই হচ্ছে না। আর এর মধ্যে হাজীগঞ্জ অংশের ছয় কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটার সড়কের কার্যাদেশ দেওয়া হয়েছে। চাঁদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিম অ্যান্ড কোম্পানি ওই কাজ পেয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই অংশ দিয়ে বছর খানেক আগেও বাসে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও রামগঞ্জের কয়েক হাজার মানুষ চলাচল করত। এ ছাড়া ঢাকা-রামগঞ্জ পথের আল আরাফাহ পরিবহনের বাসও চলাচল করত। চলত মালবাহী ট্রাকও। এখন আল আরাফাহ পরিবহনের বাসগুলো ঢাকা-কুমিল্লা মহাসড়ক দিয়ে চলাচল করে।
ওই সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ‘হাজীগঞ্জ বাজার থেকে কচুয়া যাওয়ার সহজ পথ এটি। এই সড়ক দিয়ে চলাচল করার সময় অটোরিকশার ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়।’
অটোরিকশার চালক সাইফুল ইসলাম বলেন, ‘পেটের দায়ে ভাঙা রাস্তায় গাড়ি নিয়ে বের হই। এই সড়কে গাড়ি চালালে প্রত্যেক দিন গাড়ি মেরামত করতে হয়। রোজগারের একটি অংশ গাড়ি মেরামতের পেছনে ব্যয় করতে হয়।’
সওজের হাজীগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল্যাহ আল মামুন বলেন, ‘ইট, সুরকি ও বালু ফেলে সড়কটি যান চলাচলের উপযোগী রাখার চেষ্টা চলছে। কিন্তু বৃষ্টির কারণে মেরামতকাজ টেকসই হচ্ছে না।’
সওজের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, সড়কটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ‘চাঁদপুর জেলায় সওজের অধীনে ৪০০ কিলোমিটার সড়ক রয়েছে। প্রতিবছর এসব সড়ক মেরামতের জন্য ৭০ থেকে ৮০ কোটি টাকা প্রয়োজন হয়। কিন্তু আমরা বছরে মাত্র তিন কোটি টাকা বরাদ্দ পাই। এই অপ্রতুল বরাদ্দ দিয়ে কিছুই করা যায় না।’