সড়কজুড়ে খানাখন্দ ভোগান্তির শেষ নেই
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধ ‘বোমা’ মেশিন দিয়ে পাথর উত্তোলন এখনো বন্ধ হয়নি। দিনরাত এসব পাথর ট্রলিতে তোলা হচ্ছে। এসব পাথরবোঝাই ট্রলি চলাচল করায় পিচঢালাই উঠে গর্ত তৈরি হচ্ছে উপজেলার বিভিন্ন সড়কে। এতে কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলার বুড়িমারী ইউনিয়নের কৃষক আবুল মিয়া অভিযোগ করেন, পাথরবাহী ট্রলিগুলো তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে। বোমা মেশিনের কারণে নদীতে তৈরি হচ্ছে খাদ আর ভারী পাথরবোঝাই ট্রলি চলাচল করায় রাস্তাগুলো খানাখন্দে ভরে যাচ্ছে। বেশি ভাড়া দিলেও ভ্যানচালকেরা কোনোক্রমেই এসব সড়ক পেরিয়ে হাটে কৃষিপণ্য নিতে চান না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন কৃষকেরা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েও কোনো লাভ হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গিরপার গ্রামের এক ব্যক্তি বলেন, পাথরবোঝাই ট্রলিগুলোর কারণে গ্রামের রাস্তাগুলো দিয়ে চলা কঠিন। এসব বিষয়ে কোথাও অভিযোগ করে লাভ হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা সদরের এক স্কুলশিক্ষক বলেন, এই শহরের পূর্ব ধরলা সেতুর মোড় এলাকায় পাশাপাশি পাঁচটি বিদ্যালয় আছে। সড়কগুলোতে ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে পথচারীসহ স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের রাস্তা ছেড়ে পাশের নিচু ও কর্দমাক্ত জায়গা দিয়ে চলাচল করতে হয়।
অনুসন্ধানে জানা গেছে, এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সিঙ্গিমারী ও ধরলা নদীর প্রায় ৫০ কিলোমিটারজুড়ে অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর তোলা হচ্ছে। প্রতিদিন পাথরবোঝাই ৯০ থেকে ১০০টি ট্রলি উপজেলার সড়কগুলো দিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে। এতে সড়কগুলোতেও ভাঙন দেখা দিচ্ছে, বড় বড় গর্ত তৈরি হচ্ছে। তা ছাড়া ট্রলিগুলোর চলাচলে ধুলায় চারদিক ছেয়ে থাকায়ও এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, উপজেলা সদর ও গ্রামাঞ্চলের সড়কে চলাচলকারী ট্রলিগুলোর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।