সড়কজুড়ে খানাখন্দ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন সংস্কার না করায় নওগাঁ সদর-মাতাসাগর সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে বেহাল দশার সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার সড়কের ইদুর বটতলি এলাকা থেকে তোলা l প্রথম আলো
দীর্ঘদিন সংস্কার না করায় নওগাঁ সদর-মাতাসাগর সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে বেহাল দশার সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার সড়কের ইদুর বটতলি এলাকা থেকে তোলা l প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় নওগাঁ সদর-মাতাসাগর সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁ সদর উপজেলা কার্যালয় ও নওগাঁ পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার ইদুর বটতলি থেকে হাপানিয়া ইউনিয়নের মাতাসাগর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর মধ্যে পৌরসভার অন্তর্গত ইদুর বটতলি থেকে খাগড়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০০০ সালে কার্পেটিং করা হয়। ২০০৪ সালে এলজিইডির অর্থায়নে ওই সড়কের খাগড়া থেকে মাতাসাগর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে পৌরসভার ইদুর বটতলি, খাগড়া, দুর্গাপুরসহ সদর উপজেলার দুবলহাটি ও হাপানিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

ফয়েজ উদ্দিন কলেজের প্রভাষক মীর মোশাররফ হোসেন ও নাছিমুল হক বলেন, ‘তিন-চার বছর ধরে এই সড়ক বেহাল। বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে থাকে। আবার শুষ্ক মৌসুমে খানাখন্দে ভরা রাস্তা ধুলোয় ভরে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার হওয়া দরকার।’

গত সোমবার সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে পড়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইদুর বটতলি থেকে ফয়েজ উদ্দিন কলেজ মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। বড় বড় গর্তের কারণে সড়ক দিয়ে চলাচলকারী গাড়ি ডানে-বাঁয়ে কাত হয়ে হেলেদুলে চলছে। ফয়েজ উদ্দিন কলেজ মোড় থেকে মাতাসাগর পর্যন্ত বাকি তিন কিলোমিটার রাস্তার অসংখ্য স্থানে কার্পেটিং উঠে গেলেও বড় বড় গর্ত কিছুটা কম রয়েছে।

সড়কটি দিয়ে চলাচলকারী চকপ্রাণ গ্রামের জাফর শেখ, মেহেদী হাসান, খাগড়া গ্রামের জাহিদুল, ফিরোজ হোসেনসহ ১০-১২ জন বাসিন্দা বলেন, একটু বৃষ্টি হলে সড়কের গর্তে পানি জমে কাদাপানি একাকার হয়ে যায়। তখন সড়কের অবস্থা এতই খারাপ হয় যে হাঁটাচলাও দায় হয়ে পড়ে। রিকশা, চার্জারচালিত অটোরিকশাও ঠিকমতো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও রাস্তা খারাপের জন্য বেশি ভাড়া চায়।

এ সড়কে অটোরিকশা চালান সাইফুদ্দিন সরদার। তিনি বলেন, ইদুর বটতলি থেকে চকপ্রাণ মাতাসাগর পর্যন্ত রাস্তায় দেড়-দুই শ গর্ত আছে। গর্তের মধ্যে পড়ে প্রায়ই গাড়ির কল-কবজা নষ্ট হয়ে যায়। ভাঙাচোরা রাস্তার কারণে ২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে ৩৫-৪০ মিনিট।

বেহাল রাস্তার কথা স্বীকার করে সদর এলজিইডি প্রকৌশলী রেজাউল হক বলেন, রাস্তাটি সংস্কারে প্রকল্প অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। প্রকল্প অনুমোদন পেলে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাবে। তবে প্রকল্প অনুমোদন, দরপত্রের প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ রাস্তাটির সংস্কার কাজ শুরু করা যাবে, তা নির্দিষ্ট করে তিনি জানাতে পারেনি।

নওগাঁ পৌরসভার প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ওই সড়কের পৌরসভার এক কিলোমিটার অংশ সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দুই-এক মাসের মধ্যেই রাস্তাটির সংস্কারকাজ শুরু হবে।