সড়কজুড়ে খানাখন্দ হেলেদুলে চলে ট্রাক
খুলনা নগরের ৪ নম্বর ঘাট থেকে ৭ নম্বর ঘাট পর্যন্ত ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কটি ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরা। বর্ষায় এ সড়কে যানচলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বন্দরের মালামাল দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়। দুই বছর ধরে সড়কের সংস্কার না হওয়ায় মালামাল পরিবহনসহ জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে।সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত মালামাল নিয়ে প্রতিদিন কয়েক শ ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে। ট্রাকগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে। প্রতি ট্রাকে পাঁচ টন মাল নেওয়ার অনুমতি থাকলেও টোল আদায়কারীরা টাকার বিনিময়ে ৩০ টন পর্যন্ত মাল নেওয়ার অনুমতি দেন বলে অভিযোগ রয়েছে। এলাকার ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে ঠিকমতো চলাচল করা যায় না। রাস্তার কাদায় জামাকাপড় নষ্ট হয়ে যায়।’ ভ্যানচালক ইমরান হোসেন বলেন, ‘আমি কদমতলা থেকে খালিশপুর পর্যন্ত মাল টানি। এই রাস্তায় অনেক ভাড়া পাই। কিন্তু খারাপ রাস্তার কারণে নিতে পারি না।’ এলাকার ব্যবসায়ী আবদুল খালেক বলেন, ‘ধুলাবালিতে ঘর ভরে যায়। কোনো রিকশা এ দিকে আসতে চায় না। খালিশপুর কাঁচা বাজার থেকে ৭ নম্বর ঘাট পর্যন্ত একটি ড্রেন নির্মাণ করার কথা ছিল। কিন্তু কিছু দূর করে বন্ধ করে দিয়েছে। এখন একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি চলে আসে।’ ট্রাকচালক মহিত শেখ বলেন, ‘অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রাক চালাই। যেকোনো সময় উল্টে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে।’ টোল আদায়কারী বণি ইসলাম বলেন, ‘বর্ষাকাল থেকে ভাঙা শুরু হয়েছে। আমরা রাস্তা ঠিক করার চেষ্টা করছি।’ এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। সরকারি রসিদের মাধ্যমে আমরা টাকা নিচ্ছি।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনার বন্দর ও পরিবহন কর্মকর্তা মুন্সি মহিউদ্দিন সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘প্রধান কার্যালয়ে আবেদন করেছি। বাজেট আসলেই কাজ শুরু হয়ে যাবে।’ বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে কাজ হয়েছিল। তারপর কোনো কাজ হয়নি। এই কাজের জন্য দুই বছর ধরে আমরা কোনো বাজেট পাইনি। নতুন বাজেটের টাকা পেলে কাজ শুরু করব।’