সড়কজুড়ে খুঁটির যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পায়রা চত্বর থেকে লালবাগ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক প্রশস্ত করা হলেও বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়নি। সড়কের মাঝে খুঁটিগুলো থাকায় ভোগান্তিতে পড়ছে মানুষ। ছবিটি সম্প্রতি নগরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে তোলা‍‍‍ l প্রথম আলো
রংপুর নগরের পায়রা চত্বর থেকে লালবাগ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক প্রশস্ত করা হলেও বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়নি। সড়কের মাঝে খুঁটিগুলো থাকায় ভোগান্তিতে পড়ছে মানুষ। ছবিটি সম্প্রতি নগরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে তোলা‍‍‍ l প্রথম আলো

রংপুর শহরের পায়রা চত্বর থেকে লালবাগ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়। কিন্তু বিদ্যুতের খুঁটিগুলো এখনো সড়কের মধ্যেই দাঁড়িয়ে আছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের মাঝখানে সড়ক-বিভাজন (ডিভাইডার) দেওয়া হয়েছে। সড়ক সম্প্রসারিত হলেও বিদ্যুতের খুঁটিগুলো এখনো সড়কের মধ্যেই আছে। এ ছাড়া প্রেসক্লাব থেকে গোল্ডেন টাওয়ার হোটেল, শাহী মসজিদ, জীবন বীমা কার্যালয়, সোনালী ব্যাংক, সালেক পাম্প, গ্র্যান্ড হোটেল মোড়সহ প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই দিকে আনুমানিক ১৫০টি বিদ্যুতের খুঁটি রয়েছে। যা সম্প্রসারিত সড়কের মধ্যে পড়েছে। এক বছর ধরে এই সড়কে খুঁটিগুলো এভাবেই আছে বলে জানা গেছে।
কাউনিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাশ্বত ভট্টাচার্য বলেন, শীতের সকালে কুয়াশায় যখন সামনে কিছু দেখা যায় না, তখন ভয়ে ভয়ে চলাচল করতে হয়।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক রবিউল ইসলাম বলেন, গত এক মাসে তাঁর অটোরিকশা তিনবার এই ধরনের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁর কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়েছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি নিয়ে একাধিকবার জানানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রংপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী সাজিদুল ইসলাম বলেন, সড়ক প্রশস্ত করার কাজ সওজ বিভাগের। সড়কের পাশে যেসব বিদ্যুতের খুঁটি রয়েছে এগুলো অপসারণের জন্য রংপুর বিদ্যুৎ কার্যালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।
রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, ‘খুঁটিগুলো সরানোর জন্য ইতিমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। আশা করছি, শিগগিরই খুঁটিগুলো সরানোর কাজ শুরু হয়ে যাবে।’
সওজ বিভাগ সূত্রে জানা যায়, ১২৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০১০ সালের জুন মাস থেকে সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়।
২০১২ সালের জুনে এর নির্মাণকাজ শেষ হওয়ায় কথা ছিল। কিন্তু চার দফা সময় বাড়ানোর পর চলতি বছর জুনে কাজ শেষ হওয়ার কথা। এখনো কাজ শেষ হয়নি।