সড়কজুড়ে খোয়া, হেঁটে চলাও দুষ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুরের সুন্দলী-প্রেমবাগ ভায়া ঢাকুরিয়া সড়কটির বেহালদশা। ছবিটি গত সোমবার হরিদাশকাঠি এলাকা থেকে তোলা l প্রথম আলো
যশোরের মনিরামপুরের সুন্দলী-প্রেমবাগ ভায়া ঢাকুরিয়া সড়কটির বেহালদশা। ছবিটি গত সোমবার হরিদাশকাঠি এলাকা থেকে তোলা l প্রথম আলো

যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলায় সুন্দলী বাজার-প্রেমবাগ গেট ভায়া ঢাকুরিয়া সড়ক। এর দৈর্ঘ্য প্রায় ১৯ কিলোমিটার। এর মধ্যে ৪ কিলোমিটারে পিচ নেই। সড়কজুড়ে ছড়িয়ে রয়েছে ছোট-বড় লাল ইটের টুকরো। যানবাহন তো দূরে থাক; হেঁটে চলাও দুষ্কর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যশোর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি নির্মাণের কয়েক মাস পর থেকে পিচ উঠে যেতে থাকে এবং খোয়া বেরিয়ে আসে। এরপর ২০১১ থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিন দফায় সড়কটির অভয়নগর উপজেলার প্রেমবাগ গেট থেকে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রাম পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সংস্কার করা হয়। কিন্তু সড়কটির সুন্দলী বাজার থেকে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের শেষ অংশ পর্যন্ত সংস্কার করা হয়নি। এই অংশ ভবদহ অঞ্চলে পড়েছে। গত আগস্টে ভারী বৃষ্টিতে ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। তখন সড়কটির ওই অংশ প্রায় দুই মাস পানির নিচে ছিল।
সরেজমিনে দেখা গেছে, সড়কের এই চার কিলোমিটার অংশের কোথাও পিচের লেশমাত্র নেই। পুরো সড়কে ছড়িয়ে রয়েছে ছোট-বড় অসংখ্য ইটের টুকরো। এ ছাড়া অনেক জায়গায় খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এই সড়কে প্রতিদিন ভ্যান চালান মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের দিলিশ্বর ধর। তিনি প্রথম আলোকে বলেন, এই রাস্তা দিয়ে ভ্যান চালানোর কোনো অবস্থা নেই। তবু পেটের দায়ে তিনি ভ্যান নিয়ে বের হন। এই রাস্তা এতই খারাপ যে এক দিন ভ্যান চালালে তাঁর সারা শরীর ব্যথায় টনটন করে।
মনিরামপুর উপজেলার আঠারোপাকিয়া গ্রামের স্কুলশিক্ষক আতিয়ার রহমান বলেন, ঝুঁকি নিয়ে ছোট ছোট কিছু যান রাস্তাটি দিয়ে চলাচল করে। তবে এলাকার বেশির ভাগ বাসিন্দা এই রাস্তায় যাতায়াত বন্ধ করে দিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ এই পথ ব্যবহার করেন না।
স্থানীয় হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এই সড়ক দিয়ে যশোর সদরে যান। কিন্তু বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। আসলে যাতায়াতের মতো অবস্থা নেই। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা দরকার।
এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু মো. শাহরিয়ার বলেন, ‘সম্প্রতি আমি সড়কটি ঘুরে দেখেছি। অবস্থা খুবই নাজুক। জলাবদ্ধতার কারণে ভবদহ এলাকার অন্তত ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবদহ অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করছি। ওই সড়কটিও এই তালিকায় আছে। বিশেষ প্রকল্পের আওতায় সড়কগুলো সংস্কার করা হবে।’