
১২ ফুট চওড়া রাস্তা। দুই পাশ ধসে কোথাও কোথাও আরও ছোট হয়ে গেছে। রাস্তার ওপর ছোট-বড় বহু গর্ত। রাস্তা দখল করে ধান, ভুট্টা আর খড় শুকানো হচ্ছে। এর ওপর দিয়ে দাপিয়ে চলছে নছিমন-করিমন।
এ চিত্র দিনাজপুরের নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের। স্থানীয় লোকজন বলেন, ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
আফতাবগঞ্জ বাজারে যাতায়াতে প্রধান ভরসা নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়ক। এই অঞ্চলের চারটি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ প্রতিদিন এ রাস্তায় চলাচল করে। তা ছাড়া এ সড়ক দিয়েই দিনাজপুরের দক্ষিণের জেলাগুলো থেকে বাস পিকনিক করতে ‘স্বপ্নপুরী’ যায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণজীবনপুর গ্রামের মোড়ের বাঁকে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের দুই পাশে নেই কোনো সতর্কতামূলক বেষ্টনী। স্থানীয় মুদি দোকানি মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এক মাস আগে রাস্তার নিচের কালভার্ট ভাঙি গর্তোটা তৈরি হইছে। অনেকে দেখল, কেউ গর্তোটার দুই পাশে বান্ধে (নিরাপত্তা বা সতর্কতা বেষ্টনী) দিল না। ঘখন তখন যাই-তাই গর্তোত পড়োছে।’
প্রায় ১২ কিলোমিটারের পুরো সড়কজুড়েই চলছে ধান, ভুট্টা ও খড় শুকানোর কাজ। সড়কে ভুট্টা শুকাতে দেওয়া নন্দনপুরের ইব্রাহীম মিয়া বলেন, ‘ভুট্টাত সাইকেল আর মোটরসাইকেল এনা পিছল খায়। এখন কী করবেন। হামার তো আর চাতাল নাই। কোটে শুকমা যামো।’
ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘সরকার বছর বছর রাস্তাটা ঠিক করে। মিচ্চিআনা পানি হলেই ধসে যায়। যেটে সেটে খাল হয়। রাতের আন্ধারোত যাই তাই পড়ে খাম হছে। তার উপরোত ধান-ভুট্টা দিয়ে রাস্তা ভর্তি করে থোছে। এ রাস্তাত চলাই দায়।’
বিনোদনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন বলেন, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। এলজিইডির অধীনে হলে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারের জন্য স্থানীয় সাংসদকে জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া মুঠোফোনে বলেন, সড়কটি দিনাজপুর থেকে অনেক দূরে। সড়কের ওপর ভুট্টা, ধান ও খড় না শুকাতে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। গর্ত মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।