সড়কজুড়ে গর্ত, ২৯ গ্রামের মানুষের ভোগান্তি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর-জুরানপুর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়ক দিয়ে যাতায়াতে ২৯টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পশ্চিম এলাকার আট কিলোমিটার দীর্ঘ শহীদনগর-জুরানপুর সড়ক দিয়ে সুন্দরপুর, গোয়ালমারী ও বিতেশ্বর ইউনিয়নের ভাগলপুর, ষোলপাড়া, দশপাড়া, সাতপাড়া, জায়গীর, সুন্দলপুর, চণ্ডীপাশা, রাঙ্গাশিমুলিয়া, সুখীপুর, শিবপুর, গয়েশপুর, হামির্দি, বড়গোয়ালী, বীরবাগগোয়ালী, দড়িগোয়ালী, কদমতলী, দুর্গাপুরসহ ২৯টি গ্রামের লোকজন যাতায়াত করে। এলজিইডির উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এনামুল হক জানান, সড়কটি সর্বশেষ ২০০৪-০৫ অর্থবছরে সংস্কার করা হয়। সরেজমিনে দেখা গেছে, প্রায় পুরো সড়কেরই কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় খানাখন্দ থাকায় রিকশা, টেম্পো, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে তীব্র ঝাঁকুনির কারণে যাত্রীদের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। সড়কের উভয় পাশের মাটিও ধসে পড়ছে। শহীদনগর অটোরিকশা মালিক সমিতির সভাপতি লিকসন হাসান ও রিকশাচালক বাবুল জানান, এবড়োখেবড়ো এই রাস্তা দিয়ে চলাচলের কারণে কয়েক দিন পর পর যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যায়। ষোলপাড়ার গ্রামের মৎস্য ব্যবসায়ী খোকন (৪২) জানান, কোনো ভ্যানচালক এই রাস্তা দিয়ে আসতে রাজি হন না।সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বলেন, ‘দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ২৫ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য ছয় মাস ধরে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মনোয়ার উদ্দিন জানান, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আগামী বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।