সড়কজুড়ে গর্ত, আটকে যায় গাড়ির চাকা

সড়কে হেলেদুলে চলে গাড়ি। মাঝেমধ্যে খানাখন্দে আটকে যায় গাড়ির চাকা। যানবাহনের ধীরগতির কারণে যানজট লেগেই থাকে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতায় থাকা চট্টগ্রামের রাউজানের হাফেজ বজলুর রহমান সড়কের এমন বেহাল দশা। উপজেলার দক্ষিণাংশের চার ইউনিয়নের লাখ বাসিন্দা এই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। সড়কটির বেহাল দশার কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে তারা।
গতকাল রবিবার দুপুরে ওই সড়কে গিয়ে দেখা যায়, সড়কের পাহাড়তলী চৌমুহনী থেকে জলিলনগর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার ১৩টি স্থানে অসংখ্য গর্তের সৃষ্ট হয়েছে। স্থানে স্থানে উঠে গেছে পিচঢালাই। সড়কে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও টেম্পো চলছে ধীরগতিতে। অনেক স্থানে গর্তে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। বিশাল এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজটের।
সড়কের পাহাড়তলী বাজার, ঊনসত্তরপাড়া, বণিকপাড়া, লস্কর উজির দীঘি, শহীদ উল্লাহ কাজীপাড়া, ইশান ভট্টের হাট, সোমবাইজ্জ্যাহাট, আব্দুল কদ্দুস মোমোরিয়াল হাসপাতাল ও হাজীপাড়ার মাজার এলাকায় অন্তত কয়েক শ খানাখন্দের সৃষ্টি হয়েছে। সে সব স্থানে গাড়ির গতিবেগ ছিল খুবই কম। এ ছাড়া সড়কের কদলপুর ইউনিয়নে নতুন নির্মিত চারটি কালভার্টের সংযোগ সড়কের পিচঢালাই না করায় সেখানেও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
মাকসুদুল আলম নামের একজন যাত্রী প্রথম আলোকে বলে, এ সড়কের পাহাড়তলী বাজার থেকে জলিলনগর পর্যন্ত অসংখ্য স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। অনেক স্থানে পিচঢালাই উঠে গিয়ে সড়কের চেহারাই নষ্ট হয়ে গেছে। ফলে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে দেড় ঘণ্টারও বেশি।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এই ইউনিয়নে চারটি নতুন কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্টগুলোর সংযোগ স্থলে পিচঢালাই না করায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বাকি আরও দুই স্থানে পানিনিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে হাফেজ বজলুর রহমান সড়কের দশা একেবারেই বেহাল। মানুষের দুর্ভোগের শেষ নেই। তবে শিগগিরই সড়কের সংস্কার শুরু হবে বলে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে জেনেছি।’
সওজ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপ্রকৌশলী সৌম্য তালুকদার প্রথম আলোকে বলেন, সড়কটির কিছু কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। বাকি অংশের সংস্কারকাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে। এ জন্য দরপত্রের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।