
সড়কে ছোট-বড় গর্ত আর গর্ত। উঠে গেছে পিচঢালাই। অনেক স্থানে ইটের চিহ্নও নেই। বৃষ্টি হলে গর্তগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়। যাত্রীদের চলতে হয় ঝাঁকুনি খেতে খেতে। এ চিত্র চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়কের। ২০ কিলোমিটারের সড়কটির পুরোটাই এখন গর্তে ভরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, সড়কটির শুরু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথা থেকে। এটি শেষ হয়েছে বাঁশখালী-আনোয়ারা সড়কের গুনাগরি বাজারে গিয়ে। এই সড়কটি দিয়েই সাতকানিয়া উপজেলার লোকজন চট্টগ্রাম নগরসহ বিভিন্ন স্থানে আসা-যাওয়া করে। বান্দরবান যেতে বাঁশখালীর বাসিন্দাদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক অটোরিকশা, যাত্রীবাহী পিকআপভ্যান, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের চরপাড়া, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সতিপাড়া, জামে মসজিদ মোড়, কামারের ভাঙা, জোটপুকুরিয়া, ফুলতলা বাজার, পাক্কার দোকানসহ বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। জামে মসজিদ মোড়, কামারের ভাঙা ও জোটপুকুরিয়া এলাকার গর্তগুলো ডোবায় রূপ নিয়েছে। এসব গর্ত মাড়িয়ে গাড়ি চলছে হেলেদুলে।
জোটপুকুরিয়া এলাকার ব্যবসায়ী জামাল হোসেন ও সুকুমার নন্দী বলেন, সড়কের গর্তে প্রায় সময় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। ছোটখাটো দুর্ঘটনায় যাত্রীরাও আহত হয়। ভাঙা সড়কের অজুহাতে গাড়ির চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। ফলে তাঁদের পণ্যের মূল্য বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। এ নিয়ে অনেক সময় ক্রেতার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
সাতকানিয়ার যাত্রীবাহী বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, এই সড়কে চালকেরা গাড়ি চালাতে চান না। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ভয়ে সড়কে বাস চলাচল কমে গেছে। বাঁশখালী উপজেলা থেকে যাত্রীবাহী বাস চলাচল নেই বললেই চলে।
সওজ সূত্র জানায়, কোরবানির ঈদের আগে ও পরে সড়কটির কিছু অংশে ইট-বালু দিয়ে সাময়িক সংস্কারকাজ করা হয়। তবে বৃষ্টির কারণে ভরাট করা গর্তগুলো আবারও আগের অবস্থায় ফিরে গেছে।
জানতে চাইলে সওজ বিভাগের দোহাজারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। দরপত্র আহ্বানের মাধ্যমে আগামী বছরের শুরুতে সড়কের সংস্কারকাজ শুরু হবে।