
সড়কের মাঝখানে অন্তত ১৫টি বড় আকারের গর্ত। রয়েছে ছোট-বড় আরও অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। সড়কের পাশের নালায় ময়লার স্তূপ জমে আছে। এতে করে সড়ক থেকে বৃষ্টির পানি নামতে পারে না।
দীর্ঘদিন সংস্কার না করায় এমন অবস্থা হয়েছে কুমিল্লা-বুড়িচং ১৫ কিলোমিটার সড়কের। এ কারণে দুর্ভোগ পোহাচ্ছে গোমতী নদীর উত্তর পাড়ের কুমিল্লা আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আট লাখ বাসিন্দা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে কুমিল্লা থেকে বুড়িচংয়ের দূরত্ব ১৫ কিলোমিটার। এই অংশের অন্তত ১৫টি জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সড়কের আড়াইওড়া, খাড়াতাইয়া, বুড়িচং নিউমার্কেট ও বুড়িচং মধ্যবাজার অংশের অবস্থা খুবই খারাপ। চার বছর আগে সর্বশেষ এই অংশ সংস্কার করা হয়েছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা–বুড়িচং সড়কের বুড়িচং মধ্যবাজার ন্যাশনাল মেডিকেল হলের সামনের সড়কে পিচঢালাই উঠে ছোটখাটো ডোবার মতো বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পানি জমে আছে। বুড়িচং দক্ষিণ বাজার এম এ গনি সড়কে ছোট-বড় শতাধিক গর্ত। একই বাজারের অগ্রণী ব্যাংক ও মায়া ফ্যাশনের সামনেও গর্ত রয়েছে। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে নিউমার্কেট এলাকায় বড় তিনটি গর্ত। এসব গর্ত পানিতে টইটুম্বুর। গাজীপুরে সড়কের পশ্চিম পাশ দেবে গেছে। গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একই অবস্থা।
খাড়াতাইয়া নতুন বাজার এলাকায় অন্তত চারটি বড় গর্ত। খাড়াতাইয়া মাদ্রাসার সামনের সড়কের অংশেও রয়েছে গর্ত। ইছাপুরা এলাকায় রয়েছে অন্তত ১৫টি গর্ত। ভরাসার পশ্চিম বাজারের জিসান তেলের দোকানের সামনে গর্ত রয়েছে। ভরাসার পূর্ব বাজার মোসকাত আলী সুপার মার্কেটের সামনেও গর্ত। সেখানকার ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে গর্তে কিছু ইট বিছিয়ে দিয়েছেন।
পয়াত রাব্বীর মিলের (করাত কল) সামনে রয়েছে অন্তত ১০টি গর্ত। আদর্শ সদর উপজেলার আড়াইওড়া পূর্বপাড়া এলাকায় বড় আকারের ডোবা রয়েছে। এই অংশের দুই দিকে নালা রয়েছে। উভয় পাশের নালায় ময়লার স্তূপ জমে আছে। সড়কের শাসনগাছা আষাঢ় মটরসের সামনে ইট ও সুরকি উঠে গেছে।
এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গর্তের কারণে ভোগান্তি সহ্য করে সিএনজিচালিত অটোরিকশা করে কলেজে যাই। এতে শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে।’
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন প্রথম আলোকে বলেন, কুমিল্লা-বুড়িচং সড়কের কয়েকটি অংশের অবস্থা খুবই নাজুক। এগুলো মেরামতের জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।