সড়কজুড়ে গর্ত, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর পৌরসভার শিববাড়ি মহল্লার সড়কে পিচ উঠে গিয়ে সৃষ্টি হওয়া বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
শেরপুর পৌরসভার শিববাড়ি মহল্লার সড়কে পিচ উঠে গিয়ে সৃষ্টি হওয়া বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

পিচ উঠে গিয়ে শেরপুর পৌরসভার অধিকাংশ সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। অনেক সড়কের অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটেই চলাচল করা যায় না। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোর এই করুণ অবস্থা হওয়ায় পৌরসভার লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পৌরসভার পাকা সড়ক ৬১ দশমিক ১৩৬ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ১৮ দশমিক ৬০৮ কিলোমিটার। এ ছাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ১৬ কিলোমিটার সড়ক আছে। সওজের দুই-তিনটি সড়ক ছাড়া পৌরসভার সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভারী যানবাহন চলাচল করায় শহরের অধিকাংশ সড়কের সিলকোট ও ইটের খোয়া ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। চলতি বর্ষা মৌসুমে এসব গর্তে হাঁটুসমান পানি জমে ময়লা ও কাদাজলে একাকার হয়ে গেছে। পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের মুন্সীবাজার শহীদ বুলবুল সড়ক (টাউন হল মোড়) থেকে গোপালবাড়ী, বটতলা, কালীর বাজার, জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক হয়ে তিনআনী বাজার কলেজ মোড় পর্যন্ত, পৌর ট্রাক টার্মিনাল থেকে শীতলপুর, ঢাকলহাটি, দিঘারপাড় হয়ে নওহাটা পর্যন্ত, রঘুনাথ বাজার থানা মোড় থেকে মাধবপুর মডেল গার্লস ইনস্টিটিউট হয়ে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত এবং খরমপুর থেকে চাপাতলী কবরস্থান হয়ে জেলা পরিষদ মোড় পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ।
এ ছাড়া নিউমার্কেট মোড় থেকে শিববাড়ি, নাগপাড়া হয়ে শেখহাটি বাজার পর্যন্ত, বাণিজ্যিক এলাকা বটতলা মোড় থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হয়ে পুরাতন গরুহাটি মোড় পর্যন্ত সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে কলাহাটি হয়ে খরমপুর মোড় পর্যন্ত, অষ্টমীতলা পুলিশ লাইন থেকে নবীনগর হাজির দোকান মোড় হয়ে রাজবল্লভপুর পর্যন্ত সড়কের অবস্থাও খারাপ।
পৌর শহরের গোপালবাড়ী মহল্লার বাসিন্দা গোপী বল্লভ সাহা বলেন, ‘পৌর কর বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। খারাপ রাস্তায় রিকশা ভাড়া গুনতে হয় দ্বিগুণ।’
মাধবপুর মডেল গার্লস ইনস্টিটিউটের শিক্ষার্থী আঞ্জুমান আরা ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা আকতার বলেন, সামান্য বৃষ্টি হলেই মাধবপুর সড়কটি পানিতে ডুবে যায়। তখন ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। নয়আনী বাজার মহল্লার বাসিন্দা শিব শংকর কারুয়া বলেন, মূল সড়কগুলো নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নর্দমার নোংরা পানি ও কাদাজল মাড়িয়ে তাঁদের বাসায় যেতে হয়। দীর্ঘদিন ধরে সড়কগুলোয় সংস্কারকাজ না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।
পৌরসভার সড়কগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে মেয়র মো. হুমায়ুন কবীর বলেন, চলতি অর্থ বছরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (সিসিটিএফ) আওতায় শেরপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট ও নর্দমা মেরামত, সংস্কার ও পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দ পাওয়া গেলে কয়েক মাস পর কাজ শুরু করা হবে।