সড়কজুড়ে গর্ত, সংস্কারহীন সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের মধ্যে ছোট-বড় অনেক গর্ত। কিছু কিছু গর্ত বড় হয়ে ডোবার মতো হয়ে গেছে। বৃষ্টি হলেই এসব ডোবায় পানি থইথই করে। তখন সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কের পাশে নালা না থাকায় বৃষ্টির পানিও ঠিকমতো নামতে পারে না। এ করুণ অবস্থা কুমিল্লা নগরের রেলস্টেশন সড়কের।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলে এ সড়ক দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়ে। সাত বছর ধরে সংস্কার না করায় পিচ উঠে গিয়ে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এ সড়ক দিয়েই প্রতিদিন রেলস্টেশনের যাত্রী, রেলওয়ে বিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা চলাচল করেন। এ ছাড়া এ সড়ক দিয়ে মালবাহী গাড়িও চলাচল করে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পশ্চিম বাগিচাগাঁও সবুজ রেস্টহাউসের সামনের অংশে সড়কে ডোবার মতো সৃষ্টি হয়েছে। রেলস্টেশনের প্রবেশমুখ থেকে দক্ষিণে প্রায় সাতটি বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। ৭০০ মিটার দীর্ঘ এ সড়কের মধ্যে রয়েছে পাঁচ শতাধিক গর্ত। ভারী যানবাহন চলার কারণে সড়কটি আরও নষ্ট হয়েছে। এর মধ্যে সড়কের ওপর দিনের পর দিন পানি জমে থাকায় পিচ উঠে গেছে। অনেক স্থানে কাদা শুকিয়ে জমাট বেঁধে আছে।
ধর্মপুর এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ভোগের আরেক নাম রেলস্টেশন সড়ক। সড়কটি দেখার যেন কেউ নেই। প্রতিদিন ওই পথ দিয়ে চলতে বেশ বেগ পেতে হচ্ছে। সেখান দিয়ে কোনো রিকশা যেতে চায় না। স্টেশন সড়কের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ সড়ক দিয়ে গেলেই বোঝা যাবে, কুমিল্লার কী উন্নয়ন হয়েছে? সড়কের কাদা দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে।’
সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান বলেন, সড়কটি মেরামতের জন্য মেয়রের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই ঠিক করা হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ২০১২ সালের মে মাসে বিশ্বব্যাংকের মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রজেক্ট (এমএসপি)-২-এর কার্যক্রম পরিদর্শন করতে ওই ব্যাংকের কর্মকর্তা জন মিলার কুমিল্লায় আসেন। তিনি সিটি করপোরেশনের সব সড়ক ঘুরে এসে সবার আগে রেলস্টেশন সড়কটি ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। এই পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ওই সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চিঠি পাঠায়। কিন্তু বরাদ্দ না আসায় সড়ক সংস্কারের কাজ আর হয়নি। শিগগিরই ওই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কের কাজ হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক ওরফে সাক্কু বলেন, সড়কটি মেরামতের জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।