সড়কজুড়ে গর্ত-কাদা ভোগান্তিতে পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনার মোড় থেকে পেট্রলপাম্প মোড় পর্যন্ত সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বেহাল দশা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
সাধনার মোড় থেকে পেট্রলপাম্প মোড় পর্যন্ত সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বেহাল দশা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে পেট্রলপাম্প মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিন বছর ধরে সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,ঝালকাঠি বাস টার্মিনাল ও সদর হাসপাতালের সামনে থেকে চাঁদকাঠী চৌমাথা এবং পোস্ট অফিস হয়ে সাধনার মোড় পর্যন্ত অসংখ্য জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিচ উঠে যাওয়ায় সড়কটি এবড়োখেবড়ো হয়ে পড়েছে। গর্তের মধ্যে পানি জমে আছে। চলাচলের সময় এসব গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার চাকা বারবার আটকে যাচ্ছে। কর্তৃপক্ষ দুই মাস আগে ইট-সুরকি দিয়ে গর্ত ভরাট করার চেষ্টা করেছিল। কিন্তু সেগুলো বৃষ্টিতে টেকেনি। আবারও গর্ত তৈরি হয়েছে।
এদিকে সন্ধ্যার পর হাসপাতালের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। পাশের দোকানগুলো থেকে আসা আলোতে খানাখন্দ দেখে লোকজন চলাচল করছেন। প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার চাকা গর্তে পড়ে উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
সড়ক দিয়ে যাতায়াতকারী ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিফাত আল সাদ বলে, রাস্তাটির পুরো জায়গায় পানি, কাদা আর গর্ত। এতে জামা-জুতা নোংরা হয়। ব্যাটারিচালিত অটোরিকশাচালক পিন্টু হাওলাদার বলেন, রাস্তার কারণে অটোরিকশার ক্ষতি হচ্ছে। প্রায়ই যন্ত্রপাতি মেরামত করতে হচ্ছে। তা ছাড়া সড়কটিতে চলাচল করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। 

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঝালকাঠী সূত্রে জানা যায়, শহরের সাধনার মোড় থেকে পেট্রলপাম্প মোড় পর্যন্ত সড়কের পেট্রলপাম্প থেকে গুরুধাম সেতু পর্যন্ত অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সওজের। আর বাকি ১ হাজার ৮০০ মিটার সড়ক ঝালকাঠি পৌরসভার আওতায়।

সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, জেলার বিভিন্ন সড়ক মেরামতের জন্য সাড়ে ১০ কোটি টাকার একটি দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে পেট্রলপাম্প থেকে গুরুধাম সেতু পর্যন্ত ৭০০ মিটার রাস্তা অন্তর্ভুক্ত আছে। বর্ষার পরপরই সংস্কারকাজ শুরু করা যাবে।

ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বলেন, ২০০৫-০৬ অর্থবছরে রাস্তাটি নির্মিত হয়। এরপর ২০১২ সালে এটি মেরামত করা হয়। গত তিন বছরে সড়কটি মেরামত করা হয়নি।

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন বলেন, রাস্তাটি পুনর্নির্মাণের জন্য ৪ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে বর্ষা মৌসুমের পর রাস্তাটি পুনর্নির্মাণ করা হবে।