
বেহাল সড়কটির কোথাও পিচের অস্তিত্ব নেই। দুই পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে গোয়ালঘর, রিকশার গ্যারেজ, বস্তিসহ নানা ধরনের অবৈধ স্থাপনা। ফুটপাত থেকে কোথাও কোথাও স্থাপনাগুলো চলে এসেছে মূল সড়কে। এতে ৬০ ফুট চওড়া এই সড়কের প্রশস্ততা দাঁড়িয়েছে বড়জোর ৩০ ফুট, কোথাও ২০ ফুটেরও কম।
তেজগাঁও শিল্প এলাকার পশ্চিম অংশের এই সড়ক কাচভাঙা গলি নামেই বেশি পরিচিত। তিব্বত মোড়ের শহীদ মনু মিঞা সড়ক ধরে একটু এগিয়ে বাঁ দিকে সড়কটির অবস্থান। এই সড়কে আছে সরকারি শিশু পরিবারের (বালিকা) একটি নিবাস ও কার্যালয়। দুই পাশে রয়েছে তৈরি পোশাক কারখানাসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যালয়, গুদাম ও বিক্রয়কেন্দ্র।
এসব শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দীর্ঘদিন সংস্কার না করায় এই সড়ক দিয়ে চলাচল করাই কঠিন। সড়কের ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে বৃষ্টির পানি সরতে পারে না। এ ছাড়া বস্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সড়কের পাশে সরকারি শিশু পরিবারে অবস্থানরত দেড় শর বেশি মেয়েশিশু একরকম নিরাপত্তাহীনতার মধ্যে থাকে।
সড়কে গড়ে ওঠা বস্তি ও রিকশার গ্যারেজের কারণে গাড়ি ও ট্রাক চলাচল বাধাগ্রস্ত হয়। গত কয়েক বছরে বস্তি উচ্ছেদ ও রাস্তা সংস্কারের জন্য একাধিকবার সিটি করপোরেশনে আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গলির শুরুতেই দুই পাশের ফুটপাতে গড়ে তোলা হয়েছে অন্তত আটটি চায়ের দোকান। ভাঙাচোরা সড়ক ধরে আরেকটু এগোতেই চোখে পড়ল দুই পাশে রাস্তার ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে রাখা ৩০টির মতো রিকশা। সেখানে এক পাশে বসে রিকশা সারাইয়ের কাজ করছিলেন জমির উদ্দিন। তিনি জানান, তিন বছর আগে তিনি এখানে এসেছেন। তবে গ্যারেজটি গড়ে উঠেছে আরও কয়েক বছর আগে।
সড়ক দখল করে গ্যারেজ বানানোর পক্ষে যুক্তি দেখান জমির উদ্দিন। তাঁর মতে, এই রিকশা গ্যারেজের কারণেই সড়কটি চলাচলের জন্য কিছুটা হলেও উপযুক্ত হয়েছে। কারণ, তাঁরা নিজেদের প্রয়োজনেই আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন, সড়কের গর্তগুলো ইট-সুরকি দিয়ে ভরেছেন।
রিকশা গ্যারেজের সঙ্গেই আরেক পাশের ফুটপাতে নির্মাণ করা হয়েছে ‘শিশু শিক্ষা কেন্দ্র’। সেখানে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া গেল না। দখলের সবচেয়ে ভয়াবহ চিত্র চোখে পড়ল গলির শেষ প্রান্তে। সেখানে সড়কের দুপাশে গড়ে তোলা হয়েছে ৫০টির বেশি বস্তিঘর। আছে পায়রা পোষার খুপরি, দুটো নিত্যপণ্যের দোকান। আছে একটি গোয়ালঘরও, সেখানে দুটো গরু ঘাস খাচ্ছে। এই জায়গায় মূল সড়ক সবচেয়ে বেহাল।

সড়কের পাশের অবৈধ স্থাপনার ছবি তোলার সময় এগিয়ে আসেন মিনু নামের এক নারী। জানালেন, ৩০ বছরের বেশি সময় ধরে তাঁরা এখানে বসবাস করছেন। গোয়ালঘর ও গরুগুলোও তাঁর। ’৯৬ সালে একবার বস্তি উচ্ছেদ করা হলেও পরে আর ‘ঝামেলা’ হয়নি। মিনু বলেন, ‘সকালে উচ্ছেদ করসে। বিকালেই ঘর তুইল্যা ফালাইসি। আর সমস্যা হয় নাই।’
সড়কসংলগ্ন সরকারি শিশু পরিবারের কর্মকর্তাদের ভাষ্য, এই শিশু পরিবারে দেড় শর বেশি মেয়েশিশু থাকে। কিন্তু এর চারপাশে বাজে পরিবেশের কারণে এই শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন তাঁরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, ‘বস্তি উচ্ছেদের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’ আর সড়ক সংস্কারের বিষয়ে তাঁর বক্তব্য, ‘পর্যায়ক্রমে ঢাকার সব সড়কই সংস্কার করা হবে। আর কাচভাঙা গলি সংস্কারের আওতার আনার জন্য আমি নির্বাহী প্রকৌশলীকে বলব।’