সড়কজুড়ে দুর্ভোগের নিখুঁত আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নবাবগঞ্জ সড়ক ভেঙে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙা অংশে জরুরি মেরামতকাজ চলছে। এভাবেই জোড়াতালি দিয়ে সড়কটি চালু রাখা হয়েছে। গতকাল ছবিটি নবাবগঞ্জ থেকে তোলা l হাসান রাজা
ঢাকা-নবাবগঞ্জ সড়ক ভেঙে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙা অংশে জরুরি মেরামতকাজ চলছে। এভাবেই জোড়াতালি দিয়ে সড়কটি চালু রাখা হয়েছে। গতকাল ছবিটি নবাবগঞ্জ থেকে তোলা l হাসান রাজা

ঢাকা-নবাবগঞ্জ পথের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গাড়িতে যেতে ৪৫ মিনিট থেকে বড়জোর এক ঘণ্টা লাগার কথা। কিন্তু সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। পুরান ঢাকার বাবুবাজার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপারে কেরানীগঞ্জ। সেখান থেকে নবাবগঞ্জে যাতায়াত করতে এই বাড়তি সময়ের অপচয়ের পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও হচ্ছে প্রচণ্ড।

গত সপ্তাহে ঢাকা থেকে নবাবগঞ্জ, বান্দুরা ও দোহারের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেল, ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজার এলাকাগুলোতে সড়ক ভেঙে গেছে। বিটুমিন বিছানো মূল সড়কের চিহ্নই নেই। সড়কে ইট বিছিয়ে রাখা হয়েছে। ভারী যানবাহনের চাপে সেই আলগা ইটও ভেঙে গেছে। বৃষ্টির পানি জমে সেই খানাখন্দ দুর্ঘটনাপ্রবণ হয়ে আছে। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি নামতে গিয়ে নিচের বালু সরে যাওয়ায় ধসে গেছে, যাকে বলে ‘রেইনকাট’। এমন রেইনকাট আছে অসংখ্য জায়গায়। যানবাহন চলছে ধীরগতিতে। বাজার এলাকাগুলোতে সড়কের দুই পাশে দোকানপাট করে জায়গা দখল করা হয়েছে। ফলে বাজারগুলোতে অবধারিতভাবেই সকাল থেকে বেশ খানিকটা রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। সড়কজুড়ে যেন দুর্ভোগেরই আয়োজন।

যানবাহনের সবচেয়ে বেশি জটলা হচ্ছে রুহিতপুর বাজারে। এখানে সড়কে বিশাল বাঁক। সড়কঘেঁষা দোকানপাটের সারি। পুরো বাজার এলাকায় সড়ক ভাঙা। দুই দিক থেকে আসা বড় বাস, ট্রাক আর ব্যক্তিগত গাড়ির ফাঁকে সিএনজিচালিত স্কুটার, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা ঢুকে পুরো বাজার এলাকা প্রায় স্থবির করে রাখছে। বাজার মোড়ের নির্মাণসামগ্রীর দোকান সিরাজ মার্বেল টাইলসের মালিক ইমরান হোসেন বললেন, দীর্ঘ দিন থেকে সড়ক সংস্কার করা হয় না। যানজটের কারণে ক্রেতাদের দোকানে যাতায়াত করতে অসুবিধা হয়। এতে তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে।

একই অবস্থা দেখা গেল কোমরগঞ্জ বাজার, বাগমারা বাজার, আগলা বাজার এবং বর্দ্ধনপাড়া বাজারেও। বর্দ্ধনপাড়ার বাসিন্দা আমির হোসেন ক্ষোভের সঙ্গে বললেন, ‘সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে, আর আমরা ভাঙাচোরা সড়কে পড়ে থেকে দুর্ভোগ পোহাচ্ছি।’

বাজার এলাকা ছাড়াও বক্সনগর তিন রাস্তার মোড়, ঋষিপাড়া, পাঠানকান্দা, গাজীখালী এবং আগলা পোস্ট অফিস থেকে খারশুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। যানবাহনগুলো ধীরগতিতে চলে বলে রাত বেশি হলে এই জায়গায় মাঝে মাঝে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনাও ঘটে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। গতি পরিবহনের বাসচালক জামাল মিয়া বললেন, ‘ভাঙা রাস্তায় ঝাঁকি লাগে, হ্যার লাইগ্যা যাত্রীরা আমাগো গাইলায়।’ তিনি জানালেন, এই ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিন, চেসিস নষ্ট হয়ে যায়। আধা ঘণ্টার রাস্তা যেতে দুই ঘণ্টা সময় লাগে।

নবাবগঞ্জ শহরের ভেতরে চৌরাস্তার মোড়েও সড়ক ভাঙা। সড়কের গা ঘেঁষে দোকানপাট। ইজিবাইকগুলো থেমে থাকছে বিশৃঙ্খলভাবে। ফলে এখানে যানজট লেগেই থাকে। এই মোড় পেরিয়ে যেতে হয় বান্দুরা ও দোহারের দিকে। অনেকটা সময় আটকে থাকতে হয় এখানে।

বান্দুরা বাজারের অবস্থা ভয়ানক। দেখা গেল, সড়কের দুই পাশের জায়গা দখল করে দোকানপাট তৈরি করে সড়ক এত সংকুচিত করে ফেলা হয়েছে যে দুটো গাড়িই পাশাপাশি যেতে পারছে না। বান্দুরা পিত্ততলা এলাকাতেও সড়ক ভেঙে গেছে।

আঞ্চলিক মহাসড়ক ছাড়া এলাকার ভেতরের সড়কগুলোও এবারের বর্ষায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, নবাবগঞ্জের শিকারিপাড়া, বরুয়াখালী, জয়কৃষ্ণপুর ও কলাকোপা ইউনিয়নের সড়কগুলোর বেশি ক্ষতি হয়েছে। কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল ও শিকারিপাড়া ইউপির চেয়ারম্যান আলীমোর রহমান জানান, অনেক দিন থেকে তাঁদের এলাকার সড়ক সংস্কার হয়নি। এবার বৃষ্টি বেশি হওয়ায় রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘রেইনকাট’-এর ফলে অনেক জায়গায় যানবাহন চলাচলই করতে পারছে না। রাস্তা সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দও নেই। অনেক সময় জরুরি প্রয়োজনে ব্যক্তিগত অর্থে সড়ক মেরামতের কাজ করতে হচ্ছে বলে তাঁরা জানান।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান বলেন, আঞ্চলিক মহাসড়কগুলো সড়ক ও জনপথ বিভাগের। তারাই ওই সড়ক সংস্কার করবে। উপজেলা পরিষদের সড়কগুলো দ্রুতই সংস্কারের ব্যবস্থা করা হবে।

নবাবগঞ্জ থেকে দোহার যাওয়ার সড়ক তুলনামূলক ভালো। তবে দোহারের লটাখোলা, বাঁশতলা, করমআলী মোড়, কার্তিকপুর, ব্রাহাঘাট, মৈনট ঘাট, মেঘুলা বাজার ও নারিশা এলাকাতে সড়ক ভাঙা ও মাঝেমধ্যে গর্তের সৃষ্টি হয়েছে।

ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কটির এই বিপর্যস্তকর দশা কবে ঘুচবে জানতে চাইলে সড়ক ও জনপথের মুন্সিগঞ্জ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ আলম প্রথম আলোকে বলেন, লোকজনের কষ্ট হচ্ছে, বকাবকি করছেন, পত্রপত্রিকায় ছবি ছাপা হচ্ছে, লেখালেখি হচ্ছে, কিন্তু তাঁদের বিশেষ কিছু করার নেই। এই সড়ক নতুন করে তৈরি করা হবে। সে কারণেই পুরোনো সড়কের জন্য কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। আপাতত সড়ক চালু রাখার জন্য জরুরিভাবে ইট ফেলে গর্ত ভরাট করা হচ্ছে। তিনি জানান, ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প (একনেকে) অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পে বাবুবাজার থেকে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার হয়ে মাওয়া পর্যন্ত ৭২ কিলোমিটার সড়ক তৈরি করা হবে। এখন এই সড়ক আছে ১৮ ফুট চওড়া, দুটি বড় গাড়ি পাশাপাশি চলতে ঝুঁকির সৃষ্টি হয়। সে কারণে সড়কটি ২৪ ফুট চওড়া করা হবে। বাজার এলাকাগুলোতে সড়ক টেকসই করার জন্য আরসিসি ঢালাই করা হবে এবং পাশে ফুটপাত ও নর্দমা তৈরি করা হবে। কবে সেই কাজ শুরু হবে, তা অনিশ্চিত। তবে এই প্রকৌশলী জানান, তাঁরা আশা করছেন প্রকল্প অনুমোদিত হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই তাঁরা কাজ শুরু করতে পারবেন।

রিপোর্টে সহায়তা করেছেন প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি।