
বছরের পর বছর রাস্তাটি বন্ধ। ৬ রাজউক অ্যাভিনিউ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের পাশ ঘেঁষা এ সড়কটির এক পাশ লোহার খুঁটি পুঁতে আটকানো, আরেক পাশের ফটক তালা দেওয়া। সড়কটি কেন বন্ধ, কে ফটকে তালা দিয়েছে, তা কেউ জানে না।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রান্তের মাঝ বরাবর রাজউক অ্যাভিনিউ পর্যন্ত এই সড়কটি তৈরি হয় ১৯৮৮ সালে। শুরুর দিকে সড়কটি উন্মুক্ত ছিল, এরপর ঘুরেফিরে আট-নয় বছর ধরে বন্ধ।
সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত সড়কটি এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। রাতে সেখানে বাস-ভ্যানগাড়ি রাখা হয়, ভবঘুরে-নেশাখোরদের আড্ডা বসে। সড়কের দুই ধারের ফুটপাত জুড়ে বসেছে চা-সিগারেট, সেলুন, ভাঙারি, ভাতের হোটেলসহ অনেক দোকানপাট।
সড়কটি কেন বন্ধ, তা খুঁজতে গিয়ে জানা গেছে, এর মালিকানা নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদ—তিনটি পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মালিকানা দ্বন্দ্বে ক্রীড়া পরিষদ সড়কের পশ্চিম অংশে (এনএসসি ভবনের পাশে) লোহার খুঁটি গেড়ে চলাচল বন্ধ করে দিয়েছে। পূর্ব পাশের ফটক দিনে তালাবদ্ধ থাকে, রাতে খোলা হয় অবৈধ পার্কিংয়ের জন্য। কিন্তু দিনে কে তালা দেয়, রাতে কে খোলে—তা নিয়ে ধূম্রজাল আছে। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন সড়কটি খুলে দিতে বছরের পর বছর চিঠি চালাচালি করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিরিন আখতার জানান, রাস্তাটির মালিক কল্যাণ বোর্ড। তিনি প্রথম আলোকে বলেন, সড়কের পাশে বোর্ডের আরও জমি আছে, সেখানে ‘কল্যাণ ভবন’ নামে একটি ৩০ তলা ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
নথিপত্রে দেখা যায়, সড়কটি নির্মিত হয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের জমির ওপর। ১৯৭০ সালে কল্যাণ বোর্ড ১৩ লাখ ২৩ হাজার টাকায় রাজউক অ্যাভিনিউতে ৪ বিঘা ৫ কাঠা ৬ ছটাক জমি বরাদ্দ পায়। তিন কিস্তিতে টাকা পরিশোধের পর ১৯৭৫ সালে জায়গাটি ৯৯ বছরের জন্য বোর্ডের অনুকূলে ‘লিজডিজ’ করে রাজউক। সংশ্লিষ্ট সূত্র জানায়, কল্যাণ বোর্ড ১৯৭২ সালেই ওই জায়গায় বহুতল ভবন নির্মাণের প্রকল্প নিয়েছিল, যা এখনো দৃশ্যমান হয়নি।
১৯৮৮ সালে রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নির্দেশে সড়কটির জন্য কল্যাণ বোর্ডের বরাদ্দ পাওয়া জমি থেকে ৭ দশমিক ১৩ কাঠা অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর। নির্মাণ শেষে গণপূর্ত রাস্তাটি ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়। তবে জমি অধিগ্রহণ বাবদ কোনো টাকা দেওয়া হয়নি। এ ব্যাপারে প্রথম কয়েক বছর কল্যাণ বোর্ড, গৃহায়ণ ও গণপূর্ত এবং ধর্ম মন্ত্রণালয় চিঠি চালাচালি করে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
সর্বশেষ ১৯৯৫ সালের ৯ জুলাই আন্তমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়, সড়কটির মালিকানা থাকবে কল্যাণ বোর্ডের। এ ছাড়া রাস্তাটি উন্মুক্ত থাকলে মসজিদের মুসল্লি এবং প্রস্তাবিত ভবনের ক্রেতা-দর্শনার্থীদের চলাচলে সুবিধা হবে এবং এলাকার সৌন্দর্য
বৃদ্ধি পাবে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। ওই সভায় সংশ্লিষ্ট সব পক্ষ যথা সংস্থাপন, গণপূর্ত, ধর্ম, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও কল্যাণ বোর্ডের সচিব উপস্থিত ছিলেন। এ সিদ্ধান্ত সবাই মেনে চলছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে এনএসসি ভবন নির্মাণের সময় দৃশ্যপটে আসে জাতীয় ক্রীড়া পরিষদ। তারা ২০ তলা ভবনের নির্মাণকাজের জন্য সড়কটি ব্যবহার করার অনুমতি চেয়ে সে বছরের মার্চে ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দেয়। কর্তৃপক্ষ অনুমতি দেয়। তিন বছর পর ২০০৭ সালে নির্মাণকাজ শেষ হয়, কিন্তু তারা রাস্তা খালি করেনি।
স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অনেক চিঠি চালাচালি ও চেষ্টা-তদবিরের পর ২০১২ সালে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু ২০১৪ সালে তা আবারও বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘুরেফিরে আট-নয় বছর ধরে রাস্তাটি বন্ধ রয়েছে।
জানতে চাইলে ‘অবৈধ পার্কিং কারা করে’ তা জানেন না বলে দাবি করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। তবে তিনি রাস্তাটির মালিকানা দাবি করে প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জানি, রাস্তাটি ক্রীড়া পরিষদের। এ জায়গার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে।’ অবশ্য মালিকানা-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি এনএসসি সচিব।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি নিয়ে রীতিমতো অত্যাচার, জোরজবরদস্তি হচ্ছে। এ বিষয়ে ফাউন্ডেশনের সাব-কমিটির গত সপ্তাহের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা নতুন করে পদক্ষেপ নিচ্ছি।’