সড়কটি যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার অংশ মানুষের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অংশের একাধিক বাঁক, সরু সেতু ও ছোট-বড় খানাখন্দের কারণে গত এক বছরে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশু, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষা-কারী বাহিনীর সদস্যসহ গাড়ির চালক ও তাঁদের সহযোগীও রয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটারে দত্তসার, ঘিনাগাজী, পদুয়া, গাংরা, ফকির বাজার, চিওড়া, সুজাতপুর, বাতিসা, চৌদ্দগ্রাম, আমানগণ্ডা, সৈয়দপুর, হাঁড়িসর্দার ও লালবাগসহ বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। আছে সরু সেতু। এ ছাড়া চার লেন প্রকল্পের নির্মাণসামগ্রী ও বন্দর থেকে অতিরিক্ত মালবাহী যান এ পথে চলাচল করে। এতে সড়কের বিভিন্ন অংশ উঁচু-নিচু হয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত বছরের ৪ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর সময়ে মহাসড়কের এ অংশে ৫০ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
কাভার্ড ভ্যানের চালক নিজাম উদ্দিন জানান, সড়কের দুই পাশে মাটি সরে যাওয়া, বাজার, টার্নিং, সরু ব্রিজ, অতিরিক্ত অটোরিকশা ও বেপরোয়া মোটরসাইকেল চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ।
চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মন্নান জানান, মহাসড়কের সুজাতপুর সেতুটি খুবই সরু। এ কারণে দুটি গাড়ি পার হওয়া ঝুঁকিপূর্ণ। এ জন্য প্রতিমাসেই এখানে একাধিক দুর্ঘটনা ঘটছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম চৌধুরী জানান, এমন কোনো দিন নেই, যেদিন দুর্ঘটনার রোগী আসে না।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাহাব উদ্দিন জানান, ভাঙা সড়ক, অদক্ষ চালক, পুরোনো গাড়ি চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। এ ছাড়া চালক অপরাধ করলেও মালিককে জরিমানা করা হয়। এ কারণে আইনের ফাঁকফোকরে চালকেরা পার পেয়ে যান। দুর্ঘটনারোধে গাড়িচালকদের সচেতনতা প্রয়োজন বলেও তিনি জানান।