সড়কটির বিষফোড়া ১০০ বৈদ্যুতিক খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের মাহীগঞ্জ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হয়েছে বিদ্যুতের এই খুঁটিগুলোকে মাঝে রেখেই। খাসবাগ এলাকার ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রংপুর নগরের মাহীগঞ্জ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হয়েছে বিদ্যুতের এই খুঁটিগুলোকে মাঝে রেখেই। খাসবাগ এলাকার ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

যান চলাচলের সুবিধার্থে রংপুর নগরের মাহীগঞ্জ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত পৌনে চার কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। কিন্তু এই সড়কের মাঝে এখনো রয়ে গেছে ১০০টি বৈদ্যুতিক খুঁটি। সেগুলো না সরিয়েই সড়ক সম্প্রসারণ করায় প্রকল্পের আসল উদ্দেশ্যই ব্যাহত হবে বলে নগরবাসীর আশঙ্কা।
সিটি করপোরেশন সূত্র জানায়, আগে সড়কটি ১৫ থেকে ১৮ ফুট প্রশস্ত ছিল। এখন দুই পাশে বাড়িয়ে সড়কটি ২৯ ফুট প্রশস্ত করা হচ্ছে। সড়কের দুই পাশে নর্দমাসহ অন্যান্য কাজ শুরু হয়েছে গত জানুয়ারি মাসে। এতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। পুরো টাকাই দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।
মাহীগঞ্জ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। লালমনিরহাট, কুড়িগ্রাম জেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ এ সড়ক দিয়ে বিভাগীয় শহর রংপুরে আসা-যাওয়া করে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, এ সড়কে ১৭০টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি খুঁটি পড়েছে প্রশস্ত করা সড়কের মধ্যে। আগে এসব খুঁটি সড়কের বাইরে থাকলেও প্রশস্ত করার পর এগুলো এখন সড়কের মধ্যে পড়েছে। খুঁটিগুলো সড়কের কোথাও চার ফুট আবার কোথাও তিন ফুট ভেতরে পড়েছে। এ কারণে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হবে। ভোগান্তি হবে মানুষেরও, বিশেষ করে রাতের চলাচলে।
কথা হয় এ সড়ক-সংলগ্ন শহরের খাসবাগ এলাকার মাহীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক সোহেল খন্দকারের সঙ্গে। তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটিগুলো না সরিয়ে সড়ক প্রশস্ত করায় মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।
কামালকাছনায় অবস্থিত ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেরাফুল হোসেন বলেন, সড়ক প্রশস্ত করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হলে যানবাহন চলাচলে সুবিধা হতো।
জানতে চাইলে বিদ্যুৎ বিতরণ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্তুজা প্রথম আলোকে বলেন, খুঁটি সরানোর জন্য এই খাতে বিদ্যুৎ বিভাগে কোনো টাকা বরাদ্দ নেই। তাই খুঁটি সরানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আজম বলেন, সড়কের দুই পাশে নর্দমা নির্মাণের জন্য নির্ধারিত স্থান রেখে বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে। তবে কবে নাগাদ এগুলো সরানো হবে, সে সম্পর্কে তিনি স্পষ্ট কিছু বলেননি।