জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অমর একুশে ভাস্কর্য পর্যন্ত সড়কদ্বীপে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে গতকাল সোমবার এসব গাছ লাগানো হয়। জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনার ও অমর একুশে দৃষ্টিগোচর করার জন্য গত সপ্তাহে ওই এলাকার সড়কদ্বীপের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে প্রশাসন। এরপর গতকাল সকালে ওই সড়কদ্বীপে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক বিভিন্ন প্রজাতির ৩০-৩৫টি ফুলগাছের চারা রোপণ করেন। এ সময় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের সময় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, সবুজ ক্যাম্পাসকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সম্প্রতি খনন করা দুটি লেকের পাশে ৫০০ লিচুগাছ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং অর্থনৈতিকভাবে মূল্যহীন কিছু গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।