সড়কপথ দিয়ে যুক্ত হলো নদীর দুই পাড়

শেষ রোডওয়ে স্ল্যাবটি বসানোর মাধ্যমে সম্পূর্ণ দৃশ্যমান হলো পদ্মা সেতুর সড়কপথ। যানবাহন চলাচলের জন্য এখন শুধু পিচঢালাই বাকি রয়েছে। স্লাব বসানোর কাজ শেষে উল্লাস করছেন সেতুসংশ্লিষ্টরা। গতকাল সকালেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর মাধ্যমে মাওয়া-জাজিরা আক্ষরিক অর্থেই যুক্ত হয়ে গেল। গত বছরের ডিসেম্বরে সেতুর সব স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা নদীর দুই পাড়কে ইস্পাতের কাঠামো দিয়ে যুক্ত করা হয়। আর গতকাল সোমবার সেতুতে কংক্রিটের সর্বশেষ স্ল্যাব বসানোর মাধ্যমে সড়কপথ দিয়েও যুক্ত হয় দুই পাড়।

পদ্মার মূল সেতুর দৈর্ঘ্য (নদীর অংশ) ৬ দশমিক ১৫ কিলোমিটার। মাটি থেকে সেতু পর্যন্ত উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৪৮ কিলোমিটার। সব মিলিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। যানবাহন চলাচলের এ পুরো পথই তৈরি হয়ে গেছে।

২০১৮ সালেই সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক, টোলপ্লাজা এবং নির্মাণ অবকাঠামোর কাজ শেষ হয়েছে। এখন সেতুতে পিচঢালাই, স্থানে স্থানে মসৃণ করা এবং বাতি ও আলোকসজ্জার কাজ বাকি। এগুলো শেষ হলেই সেতু আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সর্বশেষ স্ল্যাব বসানোর পর গতকাল আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী জুনের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মন্ত্রী জানান, মূল সেতুর কাজ প্রায় ৯৪ শতাংশ শেষ হয়েছে। নদীশাসনকাজের অগ্রগতি প্রায় ৮৪ শতাংশ। সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি প্রায় ৮৭ শতাংশ।

সেতু বিভাগ সূত্র জানিয়েছে, মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) জানিয়েছে, আগামী বছর এপ্রিলে তারা সব কাজ শেষ করবে।

পদ্মা সেতু প্রকল্প সূত্র বলছে, সর্বশেষ স্ল্যাবটি বসানোর প্রস্তুতি শুরু হয় গতকাল সকাল আটটার পর থেকেই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ১২ মিনিটে স্ল্যাবটি বসানো সম্ভব হয়। ২ হাজার ৯১৭টি কংক্রিটের স্ল্যাব জোড়া দিয়ে মূল সেতুর যানবাহনের পথ তৈরি করা হয়েছে। প্রতিটি স্ল্যাব ২২ মিটার লম্বা এবং দুই মিটারের কিছু বেশি চওড়া। আগস্টের শুরুতে ৮৪টি স্ল্যাব বসানো বাকি ছিল। এগুলো বসাতে ২৩ দিন লাগল।

কর্মকর্তারা জানান, রোববার বিকেল পর্যন্ত ছয়টি স্ল্যাব বসানো বাকি ছিল। এদিন দিবাগত রাত ১২টার মধ্যে পাঁচটি বসানো হয়। সর্বশেষ স্ল্যাব সকালে বসানোর সময় পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ স্ল্যাব বসানোর পর তাঁরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে স্বস্তি প্রকাশ করেন। কর্মকর্তাদের দল বেঁধে বাংলাদেশ ও চীনের পতাকা নিয়ে ছবি তুলতে দেখা যায়।

মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, কংক্রিটের স্ল্যাব বসানো শেষ করার মাধ্যমে আরেকটি বড় কাজ সমাপ্ত হলো। বাকি কাজগুলো শেষ করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে এখন দিন দিন শ্রমিক-কর্মচারীর সংখ্যা কমতে থাকবে। তাঁদেরও কাজ শেষ হয়ে যাবে। বলা যায় একধরনের বিদায়ের সুর শুরু হয়ে গেছে।

পদ্মা সেতু প্রকল্পের একজন কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি বিকেলে গাড়ি দিয়ে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত আসা-যাওয়া করেছেন। এখন বলা যায় সেতু নির্মাণ হয়ে গেছে। বাকি শুধু আনুষঙ্গিক কাজ। ওই কর্মকর্তা বলেন, স্ল্যাব বসানোর কাজে নিয়োজিত শ্রমিকদের এখন সাইডওয়াল ও বিভাজক বসানোর কাজে লাগানো হবে। ফলে দ্রুতই এ কাজ শেষ হয়ে যাবে।

সূত্র জানায়, সাইডওয়াল ও সড়ক বিভাজকের জন্য কংক্রিটের স্ল্যাব আগেই তৈরি করা আছে। এখন শুধু বসাতে হবে। এ পর্যন্ত এ কাজ ৪২ শতাংশ সম্পন্ন হয়েছে। পিচঢালাইয়ের জন্য আলাদা ঠিকাদার নিয়োগ করা হয়েছে। বর্ষা মৌসুম পেরিয়ে গেলে অক্টোবরে শেষের দিকে পিচঢালাই শুরু হবে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেতু সমাপ্তির পথে গতকাল আরেকটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। এখন আর কারিগরিভাবে জটিল কাজ নেই।