পটুয়াখালীতে বিএনপির থানায় থানায় কর্মসূচি
সড়কপথে বাধার আশঙ্কায় আলতাফ হোসেন এলেন হেলিকপ্টারে চড়ে
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলার থানায় থানায় বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এলেন হেলিকপ্টারে চড়ে। তাঁর দাবি, সড়কপথে আওয়ামী লীগ ও সরকারদলীয় ক্যাডারদের বাধার আশঙ্কায় তিনি আকাশপথে সমাবেশস্থলে আসতে বাধ্য হয়েছেন। সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে জেলা শহরে আলতাফ হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উপজেলায় কর্মসূচি পালন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের প্রকাশ্যে হুমকি ও বাধায় সকালে পটুয়াখালীতে সড়কপথে তিনি ঢুকতে পারছিলেন না। পরে বিকেলে হেলিকপ্টারে চড়ে আকাশপথে আলতাফ হোসেন পটুয়াখালীতে এসে পৌঁছান। দলীয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় এই কর্মসূচি পালনের লক্ষ্যে কেন্দ্র থেকে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়। এর প্রধান করা হয় আলতাফ হোসেন চৌধুরীকে। অন্যরা হলেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সদস্য মাওলানা শাহ মো. নেসারুল হক ও এ কে এম ফারুক আহমেদ তালুকদার। গতকালের সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় দুপুর ১২টায় কেবল এ বি এম মোশাররফ হোসেন ছাড়া আর কেউ উপস্থিত হতে পারেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হতে না পেরে তাৎক্ষণিক টেলিকনফারেন্সে আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, পটুয়াখালীতে ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা ও থানা শহরে বিক্ষোভ সমাবেশ ও কর্মিসভার ঘোষণা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, ‘আমাকে পটুয়াখালী ঢুকতে বাধা দেওয়ার জন্য শনিবার রাতে লেবুখালীতে সভা করে হুমকি দিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। গতকাল রোববার সকাল থেকে সড়কপথে পটুয়াখালীর প্রবেশমুখ দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাটে তারা লাঠিসোটা নিয়ে অবস্থান করছে—এ খবর পেয়ে বাখেরগঞ্জের দুধলমৌ এলাকা থেকে বরিশালে ফিরে যেতে আমি বাধ্য হই।’ পরে আলতাফ হোসেন চৌধুরী বিকেল চারটা ২০ মিনিটে হেলিকপ্টারে করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হেলিপ্যাডে অবতরণ করেন। দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে নেতা-কর্মীদের নিয়ে হেঁটে তাঁর বাসভবন সুরাইয়া ভবনে যান। দুমকীর লেবুখালী ফেরিঘাটে বাধা ও হুমকি প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার বলেন, শনিবার রাতে তাঁরা সেখানে মতবিনিময় সভা করেছেন। তিনি বলেন, ‘আলতাফ হোসেন লেবুখালী আসেননি। তাহলে বাধা দেওয়া হলো কীভাবে?’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি বাধা দেওয়াই হবে, তাহলে তিনি পটুয়াখালীতে এলেন কী করে?