স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল সোমবার বাসে, ট্রেনে, লঞ্চে—সর্বত্রই ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। তবে সড়কপথে ঢাকা থেকে বের হতেই লেগেছে দুই থেকে আড়াই ঘণ্টা। যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কুর্ণী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সড়কপথের তুলনায় রেলপথ ছিল স্বস্তির। কমলাপুর স্টেশন থেকে গতকাল বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। নৌপথও স্বাভাবিক আছে।
গতকাল সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি খানিকটা ভোগান্তির কারণ হলেও ঘরে ফেরা মানুষদের দুর্ভোগে ফেলেছে মূলত যানজট। ঢাকা থেকে শুভ বসুন্ধরা পরিবহনে লালমনিরহাট যাচ্ছিলেন গোলাম রাব্বানি। তিনি প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটায় বৃষ্টির মধ্যে বাস কাউন্টারে যান তিনি। বাস ছেড়েছে ১০টার দিকে। বাসটি টেকনিক্যাল মোড় থেকে ঘুরে গাবতলী পার হতেই দুই ঘণ্টা লেগেছে। এরপর তিনি সাভার ও টাঙ্গাইল এলাকায় লম্বা যানজটে পড়েন। বিকেল পাঁচটায় মুঠোফোনে তিনি জানান, তখন বগুড়া পর্যন্ত পৌঁছেছেন।
গতকাল গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, টানা ভারী বর্ষণের কারণে মহাসড়ক বারবার ঠিক করা হলেও আবার নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিছুটা দুর্ভোগ হতে পারে। তবে মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বাসচালকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাবধানে গাড়ি চালাবেন। গতবারের মতো এবারও যেন লাশের পাহাড় দেখতে না হয়।’
আগামী তিন দিন মহাসড়কে ট্রাক ও লরি চলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পশুবাহী ট্রাক, পোশাকপণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
মহাসড়কে ট্রাক বিকল, দুর্ভোগ যাত্রীদের: প্রথম আলোর বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা জানান, গরুবাহী ট্রাকের সংখ্যা ও ঘরমুখী মানুষের বাড়ি ফেরার চাপে মহাসড়কে যানজট বেড়েছে। এর মধ্যে রোববার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গরুবোঝাই একটি ট্রাক বিকল হয়। ট্রাকটি পরে পুলিশ সরিয়ে নিলেও ততক্ষণে যানজট লাগতে শুরু করে।
ভোর চারটার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাসে ঢাকাগামী গরুবোঝাই আরেকটি ট্রাক বিকল হলে যানজট তীব্র হয়। একপর্যায়ে তা এলেঙ্গা থেকে মির্জাপুরের শুভুল্যা পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ রেকার দিয়ে ওই ট্রাকটি সরিয়ে নিলে গাড়ি চলাচল শুরু হয়। তবে যানবাহনের চাপ থাকায় মির্জাপুরের কুর্ণী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী নাবিল পরিবহনের চালক মো. মতুর্জা বলেন, নীলফামারীর দেবীগঞ্জ থেকে রোববার রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু টাঙ্গাইলের পর যানজটে পড়েন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি কেবল মির্জাপুর পার হন।
গাজীপুর থেকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে যাচ্ছিলেন পিকআপচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, চন্দ্রা এলাকায় প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিংয়ে উড়ালসেতু নেই। ওই এলাকায় প্রতিদিন উভয় পথে ১৪টি ট্রেন ২৮ বার যাওয়া-আসা করে। প্রতিটি ট্রেনের জন্য গড়ে সাত-আট মিনিট করে মহাসড়কে প্রতিদিন প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এটাও যানজটের একটা কারণ।
মির্জাপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে মহাসড়কে যানবাহন খুব বেশি গতিতে চলাচল করতে পারে না। এ ছাড়া পশুবাহী ট্রাকের ও ঘরমুখী যাত্রী বহনকারী যানবাহনের চাপ তো রয়েছেই। তিনি বলেন, পুলিশ যানবাহনের স্বাভাবিক চলাচল রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
পুলিশের ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ের পুলিশ বক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার আনসার ও এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা পালাক্রমে কাজ করবেন।
ডিআইজি পরে মহাসড়ক ঘুরে দেখেন এবং সড়ক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।
রেলস্টেশন: গতকাল কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ স্টেশনে আসছে। প্রবেশপথেই র্যা বের বুথ। ভেতরে স্কাউটের একটি বুথ। তারা লোকজনকে বিভিন্ন ট্রেনের প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছে।
কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাজেদুল ইসলামের সঙ্গে। সকাল ৭টা ৪০ মিনিটে তাঁর ট্রেন মহানগর প্রভাতীর ছাড়ার কথা। কিন্তু সেই ট্রেন ছেড়েছে ৯টা ২০ মিনিটে। তাতে কোনো আক্ষেপ নেই সাইদুলের। তিনি বলেন, এই যে বাড়ি ফিরতে পারছেন, সবার সঙ্গে ঈদ করবেন, সেটাই বড় আনন্দ।
তবে কমলাপুরের স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ২০-২৫ মিনিট দেরি হলেও সেটিকে দেরি বলা যাবে না। চট্টগ্রামে যাওয়ার ট্রেনের দেরি সম্পর্কে তিনি বলেন, এই ট্রেনগুলো একটু দেরি করেছে।
ট্রেনের আগাম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে গতকালও দেখা গেল লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। এদের বেশির ভাগই দাঁড়িয়ে যাওয়ার টিকিট কিনছে।
ভিড় বাড়ছে নৌপথেও: গতকাল সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড়। সদরঘাট টার্মিনালে ঘরমুখী মানুষের চাপের কারণে পুরান ঢাকার বাংলাবাজার, পাটুয়াটুলী, ইসলামপুর, রায় সাহেব বাজারসহ আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই ছিল তীব্র যানজট। এই যানজট ঠেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সদরঘাটে পৌঁছাতে পেরে খুশি ব্যবসায়ী সৈয়দ রায়হান আলী। এমভি কর্ণফুলী লঞ্চে ভোলায় যাচ্ছেন। তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে গ্রামে ঈদ করবেন। আজ মঙ্গলবার গ্রামের বাজার থেকে কোরবানির গরু কিনবেন তিনি।