সড়কপথে যানবাহনের চাপ

রাজধানীর বাস টার্মিনাল, দূরপাল্লার বাসগুলোর কাউন্টার—সর্বত্র মানুষ আর মানুষ। সবাই ঈদে বাড়িমুখী যাত্রী। কিন্তু অনেকেরই গাড়ির অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়। অপেক্ষার সময় ছিল এক ঘণ্টা থেকে তিন ঘণ্টা পর্যন্ত। কেবল গাড়ির জন্য অধীর অপেক্ষা নয়, অনেককে যেতে হয়েছে দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বেশি ভাড়া দিয়ে।
ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে গতকাল বুধবার এমনই কষ্ট মেনে নিয়েছেন রাজধানীর অগুনতি বাসিন্দা। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ঢাকায় আসার পথে মহাসড়কে যানজট, ধীরগতির কারণে বাস দেরিতে পৌঁছেছে।
ঘরমুখী মানুষের দুর্ভোগের চিত্র দেখতে প্রথম আলোর প্রতিবেদক গত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কলেজগেট থেকে গাবতলীর দিকে রওনা হন। তখনো পুরো রাস্তায় যানজট ছিল। কল্যাণপুর বাসস্ট্যান্ডে পৌঁছার পর আর সামনে যাওয়ার উপায় ছিল না। বাস থেকে নেমে দেখা যায়, রাস্তার দুই ধারের বাস কাউন্টারগুলোতে তখনো শত শত মানুষের ভিড়। যেসব গাড়ি সন্ধ্যা ছয়টা বা সাতটায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোর যাত্রীরাও তখন পর্যন্ত বাসের অপেক্ষায়। বেশ কয়েকটি পরিবহন কর্তৃপক্ষ বৃষ্টি থেকে যাত্রীদের রক্ষা করতে শামিয়ানার ব্যবস্থা করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ সময় নারী, শিশুসহ অনেক যাত্রীকে বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গতকালই রাজধানী ছেড়েছে সবচেয়ে বেশি মানুষ। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই টার্মিনাল ও কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ঢাকায় আসার পথে মহাসড়কে ধীরগতি ও যানজটের কারণে বাসগুলো দেরিতে পৌঁছানোয় যাত্রীদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে।
বড় বড় পরিবহন কোম্পানি ছাড়া অন্যান্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি হয় না। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছাড়া বাসগুলোর টিকিট বিক্রি হয় যাত্রার আগে। ফলে টার্মিনালগুলোতে মানুষের ভিড় ছিল বেশি, ভাড়াও গুনতে হয়েছে বেশি।
অনেক বাস টার্মিনালে ঢোকার আগেই যাত্রীতে পূর্ণ হয়ে যায়। যে যেভাবে পারে, বাসে উঠে পড়ে। অভিযোগ পাওয়া গেছে, যাত্রীর চাপ থাকার সুযোগে এসব বাসে ভাড়া নেওয়া হয়েছে দ্বিগুণ থেকে তিন গুণ।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর তুলনায় এত বেশি বাস নেই। টার্মিনালে যাত্রীদের চাপের কারণে কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা যেগুলোর অভিযোগ পাচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গেছেন উত্তরা পরিবহনের বাসে। তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে এ পথের ভাড়া ১৭০ টাকা। ঈদ বলে ৩০০ টাকার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু বাসের ভাড়া ৫০০ টাকা নেওয়া হয়েছে। মনে হচ্ছে, এসব দেখার কেউ নেই।’
আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, মহাখালী থেকে শেরপুরের নকলায় যাওয়ার জন্য তিনি সোনার বাংলা পরিবহনের বাসে ওঠেন। তাঁর কাছ থেকে ৩০০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘কোনো পরিবহন যদি এভাবে দ্বিগুণ-তিন গুণ ভাড়া আদায় করে, তাহলে যাত্রীদের অনুরোধ করব, আপনারা নিকটস্থ ট্রাফিক পুলিশকে জানান।’

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দ্বিগুণ-তিন গুণ অতিরিক্ত ভাড়া আদায় মেনে নেওয়া যায় না। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকালই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেন, এবার ঈদে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা যাবে না। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, এই ঈদের আগে মহাসড়কের পাশে পশুর হাট ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের কারণে ১০ শতাংশ সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, গতকাল সকালের দিকে ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ছিল যানজটমুক্ত। দুপুরের পর যানবাহনের চাপ বাড়তে থাকে। বিকেলের দিকে তিনটি সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও যানজট তেমন ছিল না। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত সকালে কিছুটা জট থাকলেও সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ খান বলেন, ভোররাতে এই সড়কে যানবাহনের ব্যাপক চাপ বাড়ে। একই সঙ্গে বৃষ্টি থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারেনি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকে হালকা বৃষ্টি হলেও মহাসড়কের গাজীপুর অংশে কোনো যানজট হয়নি।
এদিকে নিষেধাজ্ঞার পরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান ও বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানির পণ্যবাহী ট্রাক চলছে।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ পড়ে। এ ছাড়া পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা থেকে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে পাটুরিয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল ছিল বাড়িমুখী মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ-ফেরিতে নদী পাড়ি দিয়ে যাত্রীরা দৌলতদিয়ায় আসে। ঘাট থেকে বৃষ্টি-কাদাপানি ঠেলে অনেকটা পথ হেঁটে বাসে উঠতে গিয়ে দুর্ভোগে পড়ে তারা।