মেঘনা ও গোমতী সেতু মেরামতের কারণে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীর চাপ প্রচণ্ড বেড়েছে। এতে হিমশিম খাচ্ছেন রেলস্টেশনের কর্মীরা। টিকিট না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দুটি সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রামের ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে সাত-আট ঘণ্টার পরিবর্তে ১২ থেকে ১৬ ঘণ্টা লেগে যাচ্ছে।গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে মেঘনা ও গোমতী সেতুর মেরামতকাজ শুরু হয়। চলবে ৮ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের ঘুরতি পথে বেশি লেগে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। যাত্রীদের স্বার্থ বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ চলতি সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম পথের সব কটি আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করেছে।রেলওয়ে সূত্র জানায়, গতকাল সাপ্তাহিক বিরতির দিনেও ঢাকা-চট্টগ্রাম রেলপথে সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী পরিবহন করা হয়েছে। কাল রোববার ঢাকাগামী আন্তনগর প্রভাতী এবং চট্টগ্রামগামী গোধূলীর বিরতিও বাতিল করা হয়েছে। আন্তনগর প্রভাতী কাল সকাল সাতটা ২০ মিনিটে যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়বে। রোববার বিকেল পৌনে পাঁচটায় এটি গোধূলী নামে ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরবে।গতকাল চট্টগ্রাম স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাজার হাজার যাত্রী টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। তিনটি ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল এবং প্রতিটি আন্তনগর ট্রেনে বাড়তি কোচ (বগি) সংযোজন করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। গতকাল সকালের দিকে স্টেশনের কাউন্টারের সামনে যাত্রীদের চেঁচামেচি করতে দেখা গেছে। রেলকর্মীদের সঙ্গে আলাপে জানা যায়, যাত্রার তারিখের ১০ দিন আগেই টিকিট উন্মুক্ত করে দেওয়ায় কাউন্টারে টিকিট নেই বললেই চলে। তবে বাড়তি কোচ লাগানোর কারণে আরও শতাধিক আসনের ব্যবস্থা হয়। এর বিপরীতে পাঁচ-ছয় গুণ বেশি যাত্রী টিকিটের জন্য ভিড় করেন স্টেশনে।ঢাকা যেতে ইচ্ছুক আবদুল হাকিম গতকাল চট্টগ্রাম স্টেশনে হাজির হন। সোমবার সুবর্ণ এক্সপ্রেসে যাওয়ার জন্য তাঁর দুটি টিকিটের প্রয়োজন। তিনি কাউন্টারে কোনো টিকিট পাননি।আরেক যাত্রী মশিউর রহমান বলেন, ‘৯০ শতাংশের বেশি যাত্রী ভ্রমণের দিনক্ষণ ঠিক করেন যাত্রার তিন-চার দিন আগে। আর সরকার ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করে দিয়েছে। এতে প্রকৃত যাত্রীদের হাতে কয়টি টিকিট যাচ্ছে, তা নিয়ে আমার সন্দেহ। যাত্রীদের স্বার্থ বিবেচনা করে যাত্রার তিন বা চার দিন আগে টিকিট উন্মুক্ত করা উচিত।’