সড়কবাতি অকেজো অন্ধকারে কিন ব্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের প্রবেশমুখ কিন ব্রিজের ওপর স্থাপন করা ১৩৫টি সড়কবাতির মধ্যে পাঁচটি ছাড়া সব কটিই অকেজো। ফলে সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে সেতু পার হতে হয় পথচারী ও যানবাহনকে। এ সুযোগে রাতে কিনব্রিজ এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবীদের তৎপরতা বেড়ে গেছে।দক্ষিণ সুরমা এলাকার ভার্তখলা এলাকার বাসিন্দা আলম মিয়া বলেন, বছর খানেক ধরে গুরুত্বপূর্ণ এই সেতুটির সড়কবাতি একের পর এক অকেজো হয়ে পড়ছে। এর দেখভাল করার দায়িত্ব সিলেট সিটি করপোরেশনের। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কালীঘাট এলাকার ব্যবসায়ী ইসলাম উদ্দিন জানান, এই কিন ব্রিজ পাড়ি দিয়েই সিলেট নগরে পৌঁছাতে হয়। ফলে সকাল থেকে রাত পর্যন্ত এই সেতু দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কবাতি অকেজো থাকায় সন্ধ্যার পর এই সেতু পার হতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেতু এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া জানান, সড়কবাতি অকেজো থাকায় সন্ধ্যার পর পুরো সেতুটি অন্ধকারে থাকে। তাই এ সময় পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘মাস খানেকের মধ্যে অকেজো সড়কবাতি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’