সিলেট নগরের প্রধান প্রধান সড়কসহ ২৭টি ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় কোনো সড়কবাতি না থাকায় পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রায় সময় বাতিবিহীন নগরের পাড়া-মহল্লার অন্ধকার গলিপথে ছিনতাইকারীদের হাতে সর্বস্ব খোয়াচ্ছে মানুষজন। যেসব এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে সেসব এলাকায় অন্য এলাকাগুলোর তুলনায় ক্রমশ চুরি-ছিনতাই বেড়ে চলছে বলে নগরবাসী অভিযোগ করেছেন।নগরবাসীর অভিযোগ, ২০০১ সালে সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হলেও নাগরিক সুযোগ-সুবিধা সামান্যতমও বৃদ্ধি পায়নি। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাতের বেলা সহজে চলাফেরার সুবিধার্থে সড়কবাতি লাগানোর জন্য একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করেও কার্যকর কোনো ব্যবস্থা নগর কর্তৃপক্ষ নেয়নি বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন।সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘সন্ধ্যার পর নগরের বিভিন্ন এলাকার অধিকাংশ রাস্তা পর্যাপ্ত আলোর অভাবে অন্ধকার থাকে। আর এই সুযোগটা ছিনতাইকারীরা কাজে লাগায়। তাই জরুরিভিত্তিতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়া উচিত।’ সাগরদীঘিরপাড় এলাকার বাসিন্দা তরিকুল মিয়া বলেন, ‘কিছুদিন আগে ছিনতাইকারীদের হাতে আমাদের এলাকায় এক যুবক খুন হয়েছেন। তাই সন্ধ্যার পর বাসা থেকে বের হতে খুব ভয় হয়। মনে হয়, এই বুঝি ছিনতাইকারীরা আক্রমণ করছে।’সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, ‘নগরে ছিনতাইয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে, অধিকাংশ রাস্তা সন্ধ্যার পর বাতিবিহীন অবস্থায় থাকা। নগরবাসীর স্বার্থে ছোট-বড় সবগুলো সড়কে সড়কবাতি লাগানো প্রয়োজন। তাহলে ছিনতাইকারীরাও ছিনতাই করতে নিরুৎসাহিত হবে। পাশাপাশি সাধারণ মানুষ নির্বিঘ্নে পথ চলতে পারবে এবং পুলিশের পেট্রোল পার্টিরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে নজরদারি করতে সুবিধা হবে।’সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘নগরের বিভিন্ন রাস্তায় সড়কবাতি লাগানোর একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়ন হলে সন্ধ্যার পর হাঁটাচলা করতে নগরবাসী অনেকটাই স্বস্তিবোধ করবে।’