সড়কবাতির খুঁটিতে ফুলের টব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এভাবে সড়কবাতির খুঁটিতে লাগানো হয়েছে টব। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের পাশের সড়ক থেকে তোলা l প্রথম আলো
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এভাবে সড়কবাতির খুঁটিতে লাগানো হয়েছে টব। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের পাশের সড়ক থেকে তোলা l প্রথম আলো

গোলাপ, জবা, বেলি, টগর, হাসনাহেনাসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছের টব শোভা পাচ্ছে সড়কবাতির খুঁটিতে। অনেক গাছে ফুটছে ফুল; যা দৃষ্টি কাড়ছে পথচারীদের।

পুরান ঢাকার বকশীবাজার রোড, হোসেনি দালান রোড, নাজিমুদ্দিন রোড, চক সার্কুলার রোড (একাংশ) ও আশপাশের গলিতে গেলে এ চিত্র দেখা যাবে। এসব এলাকার সড়কবাতির খুঁটিতে বসানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলগাছের পাঁচ শতাধিক টব। গত বছরের জুলাইয়ে এসব টব বসিয়েছে হোসেনি দালান রোডের ইংরেজি ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠান রেইনফরেস্ট স্কুল।

গতকাল শনিবার দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সামনে থেকে ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী হল পর্যন্ত সড়কের দুই পাশে ১৬টি সড়কবাতির খুঁটিতে ঝুলছে ৩৫টি ফুলের টব। কয়েকটি টবের গাছে ফুল ফুটেছে। এ ছাড়া হোসেনি দালান রোড, চক সার্কুলার রোড, নাজিমুদ্দিন রোডের দুই পাশের প্রতিটি সড়কবাতির খুঁটিতে টব দেখা গেছে। হোসেনি দালান রোডের বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেইনফরেস্ট স্কুল এবং চকবাজার থানার সামনের দেয়ালেও বসানো হয়েছে টব।

স্থানীয় বাসিন্দারা বলেন, এসব টব স্থাপনের ফলে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকার সৌন্দর্য বেড়েছে। তাঁরাও এসব টবের দেখভাল করেন। এভাবে দেশের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

হোসেনি দালান রোডে নয়ন স্টোরের সামনে একটি সড়কবাতির খুঁটিতে বসানো হয়েছে পাতাবাহারের দুটি টব। দোকানের মালিক সিরাজ মিয়া বলেন, টবগুলো দেওয়ার কারণে সৌন্দর্য বেড়েছে। মহল্লার লোকজনও গাছগুলোর যত্ন নেন। কেউ যাতে গাছগুলোর ক্ষতি না করে, সে বিষয়ে সবাই সচেতন। মহল্লার শিশু-কিশোরেরাও ফুলগাছের নাম জানতে পারছে।

প্রায় একই কথা বলেন নাজিমুদ্দিন রোডের বাসিন্দা আমীর হোসেন।

রেইনফরেস্ট স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিটি টব বসাতে তাদের গড়ে ২৫০ টাকা করে খরচ হয়েছে। এখন প্রায় প্রতিদিন সকালে এসব গাছে পানি দেওয়া হয়। মাঝেমধ্যে সারও দিতে হয়। এই কাজ তদারকির জন্য একজন কর্মকর্তার অধীনে কয়েকজন কর্মচারী কাজ করেন।

রেইনফরেস্ট স্কুলের অধ্যক্ষ মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার পাড়া-মহল্লায় পর্যাপ্ত গাছগাছালি নেই। নতুন করে গাছ লাগানোরও জায়গা নেই। তাই সামাজিক দায়বদ্ধতা ও গাছের প্রতি ভালো লাগা থেকে সড়কবাতির খুঁটিতে এসব ফুলের টব বসিয়েছেন তাঁরা। যখন গাছে ফুল দেখতে পান, তখন নিজেদের কষ্ট সার্থক মনে হয়। তিনি বলেন, প্রথমে হোসেনি দালান রোডে (একাংশ) দেড় শতাধিক টব বসানো হয়। মহল্লার লোকজনও বিষয়টিকে স্বাগত জানান। তারপর ক্রমান্বয়ে আশপাশের আরও কয়েকটি সড়কে টবের ব্যবস্থা করা হয়েছে। তবে শুরুতে এসব গাছ রক্ষণাবেক্ষণে কিছুটা হিমশিম খেতে হয়। প্রথমে অনেক স্থানে কে বা কারা টব ও গাছ ভেঙে ফেলে। পরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়।