চট্টগ্রাম শহরের সড়কবাতি এবং সিটি করপোরেশনের বিদ্যুতের বিল এখন থেকে নিয়মিত পরিশোধের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।একই সঙ্গে পিডিবির বকেয়া ৫৬ কোটি টাকার মধ্যে মূল বিদ্যুৎ বিল চার কোটি ৪৩ লাখ টাকা আগামী দুই মাসের মধ্যে পরিশোধেরও প্রতিশ্রুতি দেন মেয়র। বকেয়া বাকি টাকা দীর্ঘদিনের সারচার্জ। সিটি করপোরেশন এই টাকা মওকুফের জন্য আবেদন করবে বলে সূত্র জানায়। প্রসঙ্গত, বিদ্যুৎ বিল বাবদ ৫৬ কোটি টাকা বকেয়া থাকায় গত ৩০ জুন পিডিবি আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর ওই ভবন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগবিহীন ছিল।সূত্র জানায়, গতকালের বৈঠকে জানানো হয়, এখন থেকে সড়কবাতির জন্য বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করবে সিটি করপোরেশন। অন্য বিলগুলোও নিয়মিত পরিশোধ করা হবে। এ সময় বৈঠকে উপস্থিত চট্টগ্রামের পিডিবির প্রধান প্রকৌশলী সুজিত চাকমা জনগুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করার আশ্বাস দেন।বৈঠকে পিডিবি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক প্রকৌশলী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানতে চাইলে সুজিত চাকমা প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে সারচার্জ ছাড়াই সিটি করপোরেশন বিদ্যুৎ বিল পরিশোধ করবে। আগের সারচার্জের টাকা মওকুফের জন্য তাঁরা আমাদের কাছে আবেদন করলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠাব।’