সড়কে অটোরিকশা বন্ধ রাখায় অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা থেকে সাদেকপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক দিয়ে আড়াই বছর ধরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখায় গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার তিন ইউনিয়নের লোকজন প্রায় দেড় ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর দুপুরে অবরোধ তুলে নেওয়া হয়।
সদর উপজেলার সাদেকপুর, নাটাই (দক্ষিণ), বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, ২০১২ সালের মার্চ মাসে বাড়িতে ধুলাবালি পড়বে—এই অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন তাঁর বাড়ির পাশের এলজিইডির একটি সড়কে যান চলাচল বন্ধ করে দেন। সে সময় মেয়রের নির্দেশে উত্তর পৈরতলা থেকে অটোরিকশা স্ট্যান্ডও সরিয়ে মধ্যপাড়া বর্ডারবাজার বাসস্ট্যান্ডে নিতে বাধ্য হয় তিন ইউনিয়নের চালকেরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে পয়াগ নরসিংসার উচ্চবিদ্যালয়ের মাঠে সাদেকপুর, নাটাই (দক্ষিণ), বড়াইল ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ তিন ইউনিয়নের লোকজন উপস্থিত হয়ে এই রাস্তা দিয়ে পুনরায় যান চলাচলের জন্য প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে নাটাই (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাইয়ুমকে আহ্বায়ক, সাদেকপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও বড়াইল ইউপি চেয়ারম্যান আবদুল খালেককে যুগ্ম আহ্বায়ক করে ২০১ সদস্যের একটি তিন ইউনিয়ন ঐক্য পরিষদ কমিটি গঠন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর পৈরতলা থেকে দাড়িয়াপুর পর্যন্ত সড়কের এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আওতাধীন। দাড়িয়াপুর থেকে সাদেকপুর অংশ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে। পুরোটাই পাকা সড়ক। ১৯৮৬ সালের পর থেকেই প্রায় ১৫ ফুট প্রস্থ এ সড়কে আগে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, মাঝারি আকৃতির ট্রাক ও ট্রাক্টর চলাচল করত।
মেয়র হেলাল উদ্দিন বলেন, ‘উত্তর পৈরতলা এলাকায় অটোরিকশা স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়ে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়।’ আড়াই বছর ধরে যান চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, তিন ইউনিয়নের মানুষ বিষয়টি তার সঙ্গে আলোচনা করতে পারত।