সড়কে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও মহাসড়কে যানবাহনে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে একটি নীতিমালা গ্রহণ করা হয়েছে। এ-সংক্রান্ত ‘মোটরযান এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র পরিচালনা নীতিমালা-২০১২’ গতকাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন এ নীতিমালার আওতায় নিয়ন্ত্রিত হবে। কেননা, যানবাহনে অতিরিক্ত পণ্য বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মবহির্ভূতভাবে এ ধরনের যান চলাচলের কারণে সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার ১৯৮৩ সালের মোটরযান নিয়ন্ত্রণ আইনের অধীনে ইতিমধ্যে গেজেট প্রকাশ করে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। এতে একেক ধরনের যানবাহনের জন্য ওজন পরিবহনের সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। তিনি জানান, অনুমোদিত নীতিমালায় ১০টি অধ্যায় রয়েছে। এতে নীতিমালার উদ্দেশ্য, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সমন্বয় কমিটি গঠন, সহায়তা দানকারী কর্তৃপক্ষের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ১ থেকে ৫ মে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্ন্যান্সের ৪৫তম বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর জেলজীবন সম্পর্কে স্মৃতিচারণা করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা তাঁকে দেশে না ফেরার জন্য বলেছিলেন। এমনকি দেশে না ফিরলে তাঁকে প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়ার কথাও বলা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করেন।