সড়কে অবৈধ দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে আছে হরেক রকমের অস্থায়ী দোকান৷ এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে আছে হরেক রকমের অস্থায়ী দোকান৷ এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বসেছে অর্ধশতাধিক অস্থায়ী দোকানপাট। ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না পথচারীরা। এসব দোকান থেকে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের কিছু সদস্য চাঁদা আদায় করেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
এদিকে একই সড়কে কবি নজরুল সরকারি কলেজের সামনের ফুটপাত দখল করে থাকা ৩০টি অস্থায়ী চায়ের দোকানও উচ্ছেদ করেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব দোকান থেকে কলেজ শাখা ছাত্রলীগের নেতারা চাঁদা আদায় করেন বলে অভিযোগ আছে। গত ৮ নভেম্বর ‘পুরান ঢাকার কবি নজরুল কলেজ: ফুটপাত দখল করে দোকান, চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এলাকাটি পড়েছে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের নিয়ন্ত্রণে থাকায় ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করতে পারছে না ডিএসসিসি। অথচ বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত তিনটি কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান আছে ছয়টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়।
সরেজমিনে দেখা যায়, বাহাদুর শাহ পার্ক এলাকার ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের সামনে থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে আছে হরেক রকমের প্রায় ৫০টি দোকান। এসব দোকানে কেনাকাটা করছে ক্রেতারা। ফুটপাতে পর্যাপ্ত জায়গা না পেয়ে সড়কে চলাচল করছে পথচারী ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া কবি নজরুল কলেজের সামনে থাকা সেই ৩০টি চায়ের দোকান আগের অবস্থায়ই আছে। এসব দোকানের ময়লা-আবর্জনা সড়ক ও ফুটপাতে ছড়িয়ে আছে।
মেয়েকে নিয়ে ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুলে যাচ্ছিলেন কলতাবাজারের বাসিন্দা নাজমুন নাহার। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত থাকলে চলাচলে অনেক সুবিধা হতো। কিন্তু তা না থাকায় ঝুঁকি নিয়েই সড়কে চলাচল করতে হচ্ছে।
ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে ফুটপাতে ইমিটেশনের অলংকার বিক্রি করছিলেন জুয়েল রানা। তিনি বলেন, দোকান বসানো বাবদ প্রতিদিন পুলিশকে দিতে হয় ২০ টাকা। আর বাদশা নামে আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত একজনকে দিতে হয় ৪০ টাকা। টাকা না দিলে দোকান বসতে দেওয়া হয় না। তবে অনেক খুঁজেও বাদশাকে পাওয়া যায়নি।
দোকানিরা জানান, পাঁচ থেকে ছয় বছর আগে কলেজ ফটকের দুই পাশে ফুটপাতে দোকান ছিল চার থেকে পাঁচটি। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। এসব দোকান থেকে ভাড়া বাবদ মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা ওঠান ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এ ছাড়া ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল সামনের ফুটপাতের দোকান থেকেও চাঁদা আদায় করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করতে পারলে নির্বিঘ্নে চলাচল করতে পারবে পথচারীরা। কিন্তু একটি ছাত্রসংগঠনের প্রভাবে উচ্ছেদ কার্যক্রম চালানো যাচ্ছে না।
এ বিষয়ে জানতে গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে গত ৭ নভেম্বর অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘স্থানীয় কিছু প্রভাবশালী কলেজের সামনে দোকান বসাইছে। দোকান থেকে আমরা কোনো টাকা নেই না।’
ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ফুটপাত দখল করে কারা দোকান বসিয়েছে, তা তাঁর জানা নেই। তবে এসব দোকানপাট উচ্ছেদ করতে পারলে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।