সড়কে অবৈধ পার্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে এভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে এভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কে অবৈধভাবে বাস পার্কিং করা হচ্ছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কে দীর্ঘদিন ধরে গাড়ি পার্কিং করা হয়। অন্যদিকে সড়কের দুপাশের ফুটপাতে অবৈধ দোকানপাট তৈরি করা হয়েছে। ফুটপাতে ফেলা হয় ময়লা-আবর্জনাও। এতে পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস পার্কিং করা। এর মধ্যে উত্তর পাশের লেনে গাড়ির সংখ্যা বেশি। এসব বাস সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও মাওয়া আসা-যাওয়া করে। সড়কে গাড়ি রাখার কারণে চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। এ ছাড়া সড়কের দুপাশের ফুটপাতে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ ছাড়া ফুটপাতে আছে অর্ধশতাধিক অস্থায়ী দোকানপাট। এ কারণে পথচারীরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সিদ্দিকবাজারের বাসিন্দা কাউছার আলম বলেন, বঙ্গবাজার থেকে ফুলবাড়িয়া হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে। কিন্তু রিকশা বা অন্য কোনো যানবাহনে গেলে ২৫ থেকে ৩০ মিনিট লেগে যায়।
মঙ্গলবার আনন্দবাজার থেকে রিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন মনির হোসেন নামের এক ব্যক্তি। কিন্তু বঙ্গবাজারের পূর্ব পাশে এসে যানজটে আটকা পড়েন তিনি। মনির বলেন, ব্যবসার কাজে প্রায়ই তাঁকে কাপ্তান বাজারে যেতে হয়। অধিকাংশ দিনই এই সড়কে যানজটের কবলে পড়তে হয় তাঁকে। এ ছাড়া ফুটপাতে ময়লা-আবর্জনার কারণে হেঁটে চলাচল করাও কঠিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কার্যালয়ের সামনে রাখা ধামরাই পরিবহনের বাসের চালক মো. ফজলু বলেন, প্রায় এক যুগ ধরে তাঁরা এই সড়কে গাড়ি রাখেন। বিকল্প জায়গা বা টার্মিনাল দেওয়া হলে তাঁরা সড়কে গাড়ি রাখবেন না।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, এই এলাকায় টার্মিনাল নির্মাণের মতো খালি জায়গা নেই। তাই টার্মিনাল নির্মাণ করা সম্ভব নয়। তিনি বলেন, এই সড়কে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়ে যানবাহন ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গাড়ি রাখার জায়গা না থাকার অজুহাতে সড়ক বন্ধ করে গাড়ি রাখতে দেওয়া হবে না। ফুটপাতের দোকানপাটও উচ্ছেদ করা হবে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান বলেন, বাসগুলো ফুলবাড়িয়া বাস টার্মিনালে রাখার কথা। কিন্তু সেখানে জায়গা না থাকায় সড়কে রাখা হচ্ছে। তিনি বলেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে সড়কের জায়গা ফাঁকা রাখার চেষ্টা করা হবে।