সড়কে অস্থায়ী দোকান ইজিবাইক স্ট্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দখল করে অস্থায়ী দোকান ও ইজিবাইক স্ট্যান্ড করার কারণে চট্টগ্রাম নগরের চকবাজার ধনিয়ারপুল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব দখল চলছে। সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চাক্তাই খালের ওপরের সেতুর মুখে কে বি আমান আলী সড়কের দুই পাশ দখল করে বানানো হয়েছে ইজিবাইকের স্ট্যান্ড। প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত শতাধিক ইজিবাইক এ স্ট্যান্ডে অবস্থান করে। ২০ ফুট প্রশস্ত এ রাস্তাটির দুই পাশ দখল করে ইজিবাইক ও ভ্যান রাখায় সারাক্ষণ যানজট লেগে থাকে। ইজিবাইক চালকেরা জানান, ইজিবাইকের স্ট্যান্ড দেখাশোনার জন্য প্রতিদিন দুজন লাইনম্যান কাজ করেন। প্রতিটি ইজিবাইক থেকে দৈনিক ১৩০ টাকা করে ‘লাইন খরচ’ নেওয়া হয়। দুই ব্যক্তি এ স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি বলেন, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন তাদের ছত্রচ্ছায়ায় থাকেন এ দুজন।
ইজিবাইকের স্ট্যান্ড ছাড়াও প্রতিদিন রাস্তা দখল করে বসে সবজি, মাছ-মাংসের অস্থায়ী দোকান।
স্থানীয় লোকজন জানান, নগরের গুরুত্বপূর্ণ এ এলাকায় কয়েকটি সরকারি স্কুল, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ছাড়াও অনেকগুলো বেসরকারি স্কুল-কলেজ রয়েছে। দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরে আসতে অনেকে এ সড়ক ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, এমনিতে রাস্তাটি তুলনামূলকভাবে কম প্রশস্ত। তার ওপর রাস্তা দখল করে স্ট্যান্ড ও দোকান বসায় এলাকার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গত শনিবার এলাকার লোকজন সমাবেশ করেন। সমাবেশে ইজিবাইক চালক ও অস্থায়ী দোকানিদের সাত দিনের মধ্যে সরে যেতে বলা হয়।
পশ্চিম বাকলিয়ার সাবেক কাউন্সিলর মো. শহিদুল আলম বলেন, সাত দিনের মধ্যে যদি জায়গাটি দখলমুক্ত না হয়, তাহলে সম্মিলিত নাগরিক সমাজ গঠনের পরিকল্পনা আছে। যেভাবেই হোক, নাগরিকদের স্বার্থে এ রাস্তাটি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতেই হবে। যোগাযোগ করা হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘রাস্তাটি দখলের বিষয়ে অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই এগুলো উচ্ছেদ করা হবে।’