সড়কে আবর্জনা ফেলছে পৌরসভা নিজেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের ব্যস্ততম স্টেশন সড়কে পৌর কর্তৃপক্ষের ফেলা ময়লা–আর্বজনা। ছবিটি গতকাল বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে তোলা l প্রথম আলো
বগুড়া শহরের ব্যস্ততম স্টেশন সড়কে পৌর কর্তৃপক্ষের ফেলা ময়লা–আর্বজনা। ছবিটি গতকাল বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে তোলা l প্রথম আলো

বগুড়া শহরের সাতমাথা-তিনমাথা-স্টেশন সড়ক দীর্ঘদিন ধরেই যেন পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার অস্থায়ী ভাগাড়ে (ডাম্পিং পয়েন্ট) পরিণত হয়েছে। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে ময়লা-আবর্জনা এনে পৌরসভার লোকজন এই সড়কের ওপর ফেলছে। দুর্গন্ধে পথচারীদের দম বন্ধ হওয়ার জোগাড়। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে দিনভর যানবাহন ও পথচারী ছাড়াও শহর থেকে সরকারি আজিজুল হক কলেজে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।
বগুড়া রেলস্টেশনের ব্যবস্থাপক বেঞ্জুরুল ইসলাম বলেন, ‘স্টেশনের সামনে এভাবে সড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে রেলস্টেশনে আসা যাত্রীদের অত্যন্ত ভোগান্তিতে পড়তে হয়। ময়লা-আবর্জনার কারণে পরিবেশদূষণের সঙ্গে সঙ্গে রেলস্টেশন এলাকারও সৌন্দর্য নষ্ট হচ্ছে। এটি সরিয়ে নিতে বগুড়া পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।’
সরেজমিনে গত রোববার দেখা গেছে, ব্যস্ততম সাতমাথা-তিনমাথা সড়কের বগুড়া রেলস্টেশনের পেছনে সড়কের ওপরই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে। এতে চরে বেড়াচ্ছে কাক, কুকুর ও শূকর। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে রেলস্টেশন ও স্টেশন সড়কে। নাক-মুখ চেপে ধরে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
এ সড়কে চলাচলকারী অটোরিকশাচালক নুর আলম বলেন, এ সড়কে প্রতিদিন হাজার খানেক অটোরিকশা যাতায়াত করে। ময়লা-আবর্জনার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল কাদের বলেন, শহরের বউবাজার এলাকায় বাসা হওয়ায় প্রতিদিন এ পথেই তাঁকে চলাচল করতে হয়। কিন্তু ময়লা-আবর্জনার কারণে নাড়িভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম হয় বলে জানান তিনি।
পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘সড়কের ওপর থেকে ময়লা-আবর্জনা ফেলার অস্থায়ী ডাম্পিং সরিয়ে নিতে পৌরসভার সচিবসহ প্রকৌশল শাখার সংশ্লিষ্ট লোকজনকে সেখানে পাঠানো হয়েছিল। এরই মধ্যে অস্থায়ী ড্যাম্পিংয়ের জন্য রেলওয়ের কাছ থেকে জায়গা চাওয়া হয়েছে। তা ছাড়া পৌরসভার ময়লা-আবর্জনা ফেলতে শহরে কমপক্ষে ১২টি অস্থায়ী ড্যাম্পিং পয়েন্ট প্রয়োজন। প্রতিটি ড্যাম্পিং পয়েন্টের জন্য চার শতক জায়গাসহ কমপক্ষে তিন লাখ টাকা করে বরাদ্দ প্রয়োজন।’ তিনি জানান, এ অর্থ পৌরসভার তহবিলে নেই। এ অবস্থায় রেলওয়ে জায়গা দিলেই তিনি সাতমাথা-তিনমাথা-স্টেশন সড়ক থেকে ময়লা ফেলার অস্থায়ী ডাম্পিং সরিয়ে নেবেন।